দীর্ঘ চার বছর পর আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তাঁর বিদায়ী ম্যাচ। আর সেই ম্যাচে লিওনেল মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও মাঠে নামানোর পরিকল্পনা করছেন তিনি। ‘গুডবাই আপাচে: ফ্রম বল বয় টু লিজেন্ড’ শিরোনামে আয়োজন করা হচ্ছে বিদায়ী ম্যাচটি। বোকা […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ চার বছর পর আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তাঁর বিদায়ী ম্যাচ। আর সেই ম্যাচে লিওনেল মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও মাঠে নামানোর পরিকল্পনা করছেন তিনি।
‘গুডবাই আপাচে: ফ্রম বল বয় টু লিজেন্ড’ শিরোনামে আয়োজন করা হচ্ছে বিদায়ী ম্যাচটি। বোকা জুনিয়র্সের সাবেক এই ফরোয়ার্ডের বিশেষ দিনের আয়োজনে ফুটবল বিশ্বের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে আলাপকালে তেভেজ জানিয়েছেন, তাঁর বিদায়ী আয়োজনে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি হুয়ান রোমান রিকেলমে।
তবে আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা মেসি ও রোনালদোকে একই মাঠে খেলতে দেখা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তেভেজ। রোনালদো আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে একই ম্যাচে ফুটবলের দুই মহাতারকার উপস্থিতির বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে।
তেভেজের বিদায়ী ম্যাচে ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের সাবেক তারকাদের একত্র করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য অতিথি তালিকায় রয়েছেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, পল স্কোলস, রায়ান গিগস, ওয়েইন রুনি ও আন্দ্রেয়া পিরলোর মতো তারকারা। তাঁদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত কি না, তা নিশ্চিত নয়।
২০০১ সালে বোকা জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তেভেজের। ক্লাবটির হয়ে ২৭৯ ম্যাচে ৯৪টি গোল করেন তিনি। ২০০৩ সালে কোপা লিবার্তাদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।
ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো দলে খেলেছেন তেভেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন। সর্বশেষ গত মে মাসে ত্যারেস দে কর্দোবার কোচের দায়িত্ব ছাড়েন তিনি। বর্তমানে প্যাডেল কোর্টের ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।
ফুটবলে তাঁর উত্থানের সঙ্গে জড়িয়ে আছে বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা। একসময় এই স্টেডিয়ামে বল বয় হিসেবে সময় কাটানো তেভেজ সেখান থেকেই বিশ্ব ফুটবলের পরিচিত মুখ হয়ে ওঠেন। এবার সেই মাঠেই বিদায়ী ম্যাচের মধ্য দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পরিকল্পনা তাঁর।