সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৮ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলে জরুরি সরকার গঠনের উদ্যোগ আইজেনকটের

ইসরায়েলে নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা সফল না হলে আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনাও রয়েছে তাঁর। এদিকে রাজনৈতিক অস্থিরতা কাটাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইজেনকট […]

নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলে জরুরি সরকার গঠনের উদ্যোগ আইজেনকটের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েলে নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা সফল না হলে আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনাও রয়েছে তাঁর। এদিকে রাজনৈতিক অস্থিরতা কাটাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইজেনকট জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্টে উপস্থাপন করতে চান তিনি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগে আইজেনকটের জোটের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। জোটের শরিক ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান এমন সরকারের পক্ষে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সংখ্যালঘু সরকারের পরিবর্তে আইজেনকটের নেতৃত্বে বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।

আইজেনকটের মতে, বর্তমান পরিস্থিতিতে আইনপ্রণেতাদের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো নতুন সরকার গঠন করা, অন্যটি দেশকে আরেকটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়া।

অন্যদিকে, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের উদ্যোগের বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তাঁর দাবি, এ ধরনের উদ্যোগ ইসরায়েলের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

নেতানিয়াহুর বক্তব্যের জবাবে আইজেনকট অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ইরানকে ঘিরে উত্তেজনাকে কাজে লাগাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে সরকার গঠনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অংশ হিসেবে হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন আইজেনকট।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ