লেবাননকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। তার দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ট্রাম্প ও নেতানিয়াহু ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত ইসা। তিনি […]
ছবি: সংগৃহীত
লেবাননকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। তার দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ট্রাম্প ও নেতানিয়াহু ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত ইসা। তিনি বলেন, লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটনের মধ্যে স্পষ্ট উদ্বেগ রয়েছে।
মিশেল ইসা বলেন, বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মূলত রাজনৈতিক বার্তা বহন করে। তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই সংঘাতকে আর বিস্তৃত হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ট্রাম্প নিয়মিত লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দেশটির ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে অনুসরণ করছেন। লেবাননকে ঘিরে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে গুরুতর মতবিরোধ তৈরি হয়েছিল বলেও জানান তিনি।
গত ৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান সরাসরি নিজ ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইরানের হামলার পর ইসরায়েলি বিমানবাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়। তেহরান, তাবরিজ, কারাজ ও ইসফাহানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পর ইরানও নতুন করে পাল্টা হামলা শুরু করে।
একই সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠীও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে সৌদি আরবের আল-খারজ অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে সতর্কতা জারি হলেও ইরান সেখানে কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গুলি চালানো বন্ধ’ করার আহ্বান জানান। এর আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য সমঝোতার কাঠামো ইসরায়েলকে মেনে নিতে হবে এবং তিনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।
তবে ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে যায়। বিশ্লেষকদের মতে, এতে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ব্যক্তিগত প্রভাব ও মার্কিন কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অভিযোগ করেছেন, ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও শত্রুতামূলক অবস্থান নিয়েছে।
লেবানন ইস্যুতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক উপস্থিতি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কোনো একটি সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর থাকলেই তা সর্বত্র প্রযোজ্য হবে না। তার মতে, লেবাননে ইসরায়েলি হামলা মানেই বিদ্যমান যুদ্ধবিরতির লঙ্ঘন। সেই অবস্থানের অংশ হিসেবেই ইরান এবার সরাসরি নিজ ভূখণ্ড থেকে হামলা চালিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, আপাতত যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। কারণ বৃহত্তর সংঘাত বিশ্ববাজারে জ্বালানি সংকট ও তেলের দাম বৃদ্ধির মাধ্যমে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সামরিক শক্তির প্রদর্শনই কূটনৈতিক আলোচনায় প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা