ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনায় ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই হামলার জন্য ইসরাইলকে ‘কঠিন মূল্য’ দিতে হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। এতে তিনি ইসরাইলের পদক্ষেপকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করেন এবং পাল্টা জবাবের ইঙ্গিত দেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী […]
ছবি: সংগৃহীত
ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনায় ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই হামলার জন্য ইসরাইলকে ‘কঠিন মূল্য’ দিতে হবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। এতে তিনি ইসরাইলের পদক্ষেপকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করেন এবং পাল্টা জবাবের ইঙ্গিত দেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র, একটি ভারী পানির চুল্লি এবং ইসফাহানে দুটি ইস্পাত কারখানাও রয়েছে।
আরাগচি তার বক্তব্যে আরও বলেন, ইসরাইল দাবি করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে। তবে ইরানে হামলা বিলম্বিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা বাড়ানোর কথা বলেছিলেন, তার সঙ্গে এই হামলা সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং ইসরাইলকে এর পরিণতি ভোগ করতে হবে।
এদিকে এই হামলা এমন এক সময়ে ঘটেছে, যখন হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা চরমে। ইরান ও ওমানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ নৌপথে গত ফেব্রুয়ারির শেষ থেকে সামরিক পরিস্থিতির কারণে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা এবং পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।