বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন ও জাতীয় গ্রিডের সঙ্গে সফল সমন্বয়ের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় দেশের নিজস্ব জনবলের দক্ষতা ও সক্ষমতার পরিচয় মিলেছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে বাংলাদেশের প্রকৌশলী, কর্মকর্তা ও পরিচালনাকারীরা জটিল কারিগরি প্রক্রিয়ায় নিজেদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন ও জাতীয় গ্রিডের সঙ্গে সফল সমন্বয়ের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় দেশের নিজস্ব জনবলের দক্ষতা ও সক্ষমতার পরিচয় মিলেছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে বাংলাদেশের প্রকৌশলী, কর্মকর্তা ও পরিচালনাকারীরা জটিল কারিগরি প্রক্রিয়ায় নিজেদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা তুলে ধরছেন।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর পরবর্তী কারিগরি পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটির গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে। উৎপাদন ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে নেওয়া হয়। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে উৎপাদন বাড়ানো-কমানো এবং বিভিন্ন যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছেন। দেশের নিজস্ব পারমাণবিক জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা অত্যন্ত সংবেদনশীল ও জটিল কারিগরি প্রক্রিয়া। জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় এবং স্থিতিশীলভাবে বিদ্যুৎ উৎপাদন বজায় রাখতে প্রতিটি পর্যায়ে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব প্রয়োজন। বাংলাদেশি পরিচালনাকারীরা রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে এসব দায়িত্ব পালন করছেন।
এনপিসিবিএলের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত বলেন, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশি জনবল পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় বা গ্রিড সিনক্রোনাইজেশনের মতো জটিল কারিগরি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। এ অর্জন ভবিষ্যতে নিজস্ব জনবলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আরশাদ মোমেন রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়াকে দেশের জ্বালানি নিরাপত্তার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, দীর্ঘদিনের অপেক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর এ সাফল্য বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আধুনিক পারমাণবিক প্রযুক্তি ও নতুন অভিজ্ঞতা যুক্ত করেছে।
তিনি বলেন, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং কমার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন বাড়তে পারে এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ কমবে। তবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিজস্ব দক্ষ জনশক্তি তৈরিতে এখন থেকেই প্রশিক্ষণ ও বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আখতার হোসেনও রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। তাঁর মতে, দেশের বিদ্যুৎ চাহিদা ও ঘাটতির প্রেক্ষাপটে এ কেন্দ্রের উৎপাদন শুরু হলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে রুশ বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা যে প্রযুক্তিগত জ্ঞান ও পরিচালনাগত অভিজ্ঞতা অর্জন করছেন, তা ভবিষ্যতে নিজস্ব সক্ষমতা তৈরিতে সহায়ক হবে।
প্রথম ইউনিটের উৎপাদন ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এ ইউনিট থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে। তবে উৎপাদন বাড়ানো এবং বাণিজ্যিকভাবে চালুর বিষয়টি নির্ভর করবে পরবর্তী পরীক্ষার ফলাফল ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদনের ওপর।
দ্বিতীয় ইউনিটের কাজ প্রথমটির তুলনায় প্রায় ১২ থেকে ১৪ মাস পিছিয়ে রয়েছে। তবে এ ইউনিটের জন্য নতুন পারমাণবিক জ্বালানি আসতে শুরু করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় ইউনিট থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার নির্মাণপ্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
তবে প্রথম ইউনিটের গ্রিড সংযোগকে বাণিজ্যিক উৎপাদন শুরুর সমতুল্য হিসেবে দেখার সুযোগ নেই। কেন্দ্রটি এখনো পরীক্ষামূলক পরিচালনার পর্যায়ে রয়েছে। বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে নিরাপত্তা, যন্ত্রপাতির কার্যকারিতা ও বিদ্যুৎ উৎপাদনের স্থিতিশীলতা যাচাইসহ প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট অনুমোদন পাওয়ার পরই নিয়মিত উৎপাদন শুরু করা সম্ভব হবে।
রূপপুর প্রকল্পের অগ্রগতি বাংলাদেশের জন্য শুধু নতুন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাই তৈরি করছে না, পারমাণবিক প্রযুক্তি পরিচালনায় নিজস্ব দক্ষ জনবল গড়ে তোলার সুযোগও তৈরি করছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এবং বাস্তব পরিচালনাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশি প্রকৌশলী ও কর্মকর্তারা সেই সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছেন। পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখে এ দক্ষতাকে আরও সুদৃঢ় করতে পারলে ভবিষ্যতে নিজস্ব জনবলের ওপর নির্ভর করে কেন্দ্র পরিচালনার লক্ষ্যও বাস্তবায়নের পথে এগোবে বাংলাদেশ।