ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির মামলায় তাঁদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার […]
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির মামলায় তাঁদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে কমিশন। এর মধ্যে সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকি ১৭টি মামলার অনুসন্ধান ও তদন্ত চলছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের অর্থের ক্ষতিসাধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।
এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।
সংবাদ সম্মেলনে দুদক সচিব আরও জানান, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে কমিশন। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। <
সাইদুর রহমান খান বলেন, সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই দুদকের লক্ষ্য।
তিনি জানান, বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। তবে তাঁদের কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি কমিশন।
সূত্র: দুর্নীতি দমন কমিশন (দুদক), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দ্য ডেইলি স্টার