এসএসসি পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। জানা যায়, গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়-এর ২৯ জন শিক্ষার্থী রাত পর্যন্ত প্রবেশপত্র হাতে না পাওয়ায় অনিশ্চয়তায় পড়ে যান। এর প্রতিবাদে […]
ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
জানা যায়, গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়-এর ২৯ জন শিক্ষার্থী রাত পর্যন্ত প্রবেশপত্র হাতে না পাওয়ায় অনিশ্চয়তায় পড়ে যান। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান এবং থানার ওসি সরোয়ারে আলম খান গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। রাতেই প্রবেশপত্র পৌঁছে দেওয়া হবে—এমন আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শুধু একটি বিদ্যালয় নয়, জুনদহ উচ্চ বিদ্যালয়-এর ৩৬ জন শিক্ষার্থীও একই সমস্যায় পড়েন। তারা দিনভর ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
এদিকে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয়-এ আরও বড় ধরনের জটিলতা দেখা গেছে। প্রায় ১৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে বিভিন্ন ভুল পাওয়া গেছে—কোথাও বিভাগ ভুল, কোথাও ছবি বা অভিভাবকের নাম ভুল। এসব ত্রুটি সংশোধনের দাবিতে শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করেন।
প্রশাসন জানিয়েছে, পরীক্ষার্থীদের যাতে কোনোভাবে পরীক্ষায় অংশ নিতে সমস্যা না হয়, সে লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রবেশপত্র হাতে না পেয়ে পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।