সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৪১ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রযুক্তিনির্ভর সেবায় নাগরিকের দোরগোড়ায় পৌঁছাবে সরকার: প্রধান উপদেষ্টা

সরকারি সেবাকে নাগরিকবান্ধব ও কার্যকর করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নাগরিককে আর সরকারের দ্বারে দ্বারে ঘুরতে হবে না; বরং সরকারের সেবাই প্রযুক্তির মাধ্যমে সরাসরি নাগরিকের কাছে পৌঁছে যাবে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রণীত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও […]

প্রযুক্তিনির্ভর সেবায় নাগরিকের দোরগোড়ায় পৌঁছাবে সরকার: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সরকারি সেবাকে নাগরিকবান্ধব ও কার্যকর করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নাগরিককে আর সরকারের দ্বারে দ্বারে ঘুরতে হবে না; বরং সরকারের সেবাই প্রযুক্তির মাধ্যমে সরাসরি নাগরিকের কাছে পৌঁছে যাবে।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রণীত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নসংক্রান্ত প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে গতানুগতিক প্রশিক্ষণ পদ্ধতির পরিবর্তে সমস্যা সমাধানভিত্তিক প্রশিক্ষণ চালু করতে হবে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না এবং সেবা প্রদানের প্রক্রিয়া এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে আটকে না থাকে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—নাগরিক যেন সেবা পেতে সরকারের কাছে না আসে, বরং সরকারই নাগরিকের কাছে পৌঁছে যায়। প্রযুক্তির মাধ্যমে সেবাকে স্বয়ংক্রিয় ও গতিশীল করতে হবে, যাতে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়।”

বর্তমান প্রশিক্ষণ ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, অনেক ক্ষেত্রে অবকাঠামো থাকলেও দক্ষ জনবলের অভাব রয়েছে। প্রশিক্ষণ পদ্ধতি যুগোপযোগী না হওয়ায় বাস্তব ফলাফল পাওয়া যাচ্ছে না। তিনি প্রশিক্ষণ শেষে কার্যকর মূল্যায়নের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইনসেনটিভ ও পুরস্কারের ব্যবস্থা রাখার নির্দেশ দেন, যাতে তারা আরও উৎসাহিত হন।

উচ্চমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এসব প্রতিষ্ঠানের মধ্যেও র‍্যাঙ্কিং ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও প্রশিক্ষণের সুযোগ রাখার পরামর্শ দেন তিনি, যাতে প্রশিক্ষণ গ্রহণকে সম্মান ও গর্বের বিষয় হিসেবে দেখা যায়।

অনুষ্ঠানে কমিটির সদস্যরা জানান, দেশে এই ধরনের মূল্যায়ন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হওয়ায় মানদণ্ড ও সূচক নির্ধারণ একটি চ্যালেঞ্জ ছিল। এ কারণে ‘লার্নিং বাই ডুইং’ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন দেশের উত্তম চর্চা ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে।

এই মূল্যায়ন কার্যক্রম বাস্তবায়নে একাডেমিয়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি এবং নীতিগত সিদ্ধান্তের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। সব অংশীজনের মতামতের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর গুণগত মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যা উত্তরণের জন্য ধাপে ধাপে সুপারিশ উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নির্দেশনার আলোকে গত ১০ সেপ্টেম্বর জিআইইউ এই মূল্যায়ন কার্যক্রম শুরু করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রতিষ্ঠান—বিপিএটিসি, বিসিএস প্রশাসন একাডেমি, বিয়াম ফাউন্ডেশন, নাডা ও এনএপিডি—এর ওপর এই মূল্যায়ন সম্পন্ন করা হয়।

প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ