বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘিরে প্রাণী কল্যাণ, মানবিকতা এবং দর্শকদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ভিডিওতে দেখা যায়, অসহায় প্রাণীটি পানিতে পড়ে কুমিরের মুখে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই পুরো দৃশ্য মোবাইল ফোনে […]
ছবি: সংগৃহীত
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘিরে প্রাণী কল্যাণ, মানবিকতা এবং দর্শকদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
ভিডিওতে দেখা যায়, অসহায় প্রাণীটি পানিতে পড়ে কুমিরের মুখে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই পুরো দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। তবে প্রাণীটিকে বাঁচাতে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ ওঠে, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
ঘটনার পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক হিসেবে দেখছেন এবং জড়িতদের আইনের আওতায় আনতে বলেছেন।
বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি তাকে ব্যক্তিগতভাবেও ব্যথিত করেছে। শুধু দায়িত্বশীল সরকারি প্রতিনিধি হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, কীভাবে প্রাণীটি সেখানে পড়ল, উপস্থিত লোকজনের ভূমিকা কী ছিল এবং কোনো অবহেলা বা ইচ্ছাকৃত আচরণ ছিল কি না—সব দিক খতিয়ে দেখতে।
একই সঙ্গে তিনি ভবিষ্যতে পর্যটক ও দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ও সচেতনতা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে গঠিত এ কমিটিতে সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ-উল-হাসানকে সদস্য করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাস্থলে দর্শনার্থীদের আচরণবিধি ও প্রাণী সুরক্ষাবিষয়ক নতুন নির্দেশনাও জারি করা হতে পারে।
স্থানীয়দের একাংশ মনে করছেন, ঐতিহাসিক এই দিঘি এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন। ফলে সেখানে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।