ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাঁদের কাছে তলবের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা খালিস্তানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন শিখস ফর জাস্টিসের শীর্ষ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা একটি দেওয়ানি মামলার বিচারিক কার্যক্রমের […]
ছবি: সংগৃহীত
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাঁদের কাছে তলবের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।
ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা খালিস্তানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন শিখস ফর জাস্টিসের শীর্ষ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা একটি দেওয়ানি মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই সমন পাঠানো হয়েছে। মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে বিবাদি করা হয়েছে।
মামলার বাদী গুরপতবন্ত সিং পান্নুনের অভিযোগ, অজিত দোভাল ‘র’-কে ব্যবহার করে তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। কথিত ওই প্রাণনাশের চেষ্টার ঘটনায় ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। এটি একটি দেওয়ানি মামলা।
উল্লেখ্য, ভারতের সরকার কয়েক বছর আগে পান্নুনকে ‘সন্ত্রাসী’ এবং তাঁর সংগঠন শিখস ফর জাস্টিসকে (এসএফজে) ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। সংগঠনটি ও এর সদস্যরা খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় সক্রিয়। তারা ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছে এবং ভারতে হামলার হুমকিও দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
খালিস্তান আন্দোলনের লক্ষ্য হলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ‘খালিস্তান’ নামে একটি শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নব্বইয়ের দশকে স্তিমিত হওয়ার আগে পাঞ্জাবে এই আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দশক ধরে রক্তক্ষয়ী বিদ্রোহ চলে। এরপর আন্দোলনের বিভিন্ন গোষ্ঠী ও নেতারা বিদেশে, বিশেষ করে কানাডায় আশ্রয় নিয়ে সেখান থেকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
পান্নুনের এই দেওয়ানি মামলাটি এমন সময়ে সামনে এল, যখন মার্কিন বিচার বিভাগ (ডিওজে) তাঁকে হত্যার কথিত ষড়যন্ত্রের ঘটনায় পৃথক একটি মামলা পরিচালনা করছে।
নতুন দেওয়ানি মামলাটির সূত্রপাত মূলত নিখিল গুপ্তা নামের এক ভারতীয় নাগরিককে নিয়ে মার্কিন বিচার বিভাগের তদন্ত থেকে। মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
মার্কিন বিচার বিভাগ নিখিল গুপ্তার বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়েছে, নিখিল গুপ্তা ও বিকাশ যাদবসহ অন্যরা এই পরিকল্পনায় যুক্ত ছিলেন। বিকাশ যাদব সে সময় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। চলতি মাসের শেষের দিকে তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে।
এদিকে, পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় মার্কিন সরকারের উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখতে ভারত সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিকাশ যাদবের বিরুদ্ধেও বর্তমানে ভারতের একটি আদালতে মামলা চলছে। তবে পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলাকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
সূত্র: ফার্স্টপোস্ট