সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা মঙ্গলবার (৯ ডিসেম্বর) হঠাৎ প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে। টানা বর্ষণে শহরের বেশ কিছু এলাকা পানিতে ডুবে যায়, সড়ক–স্থাপনা তলিয়ে যায় এবং বহু যানবাহন আটকে পড়ে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরায় ব্যাপক ভোগান্তি তৈরি হয়। ‘গালফ নিউজ’-এর তথ্যমতে, প্রায় পাঁচ বছর পর জেদ্দায় এমন ভারি বর্ষণ দেখা গেল। সামাজিক […]
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা মঙ্গলবার (৯ ডিসেম্বর) হঠাৎ প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে। টানা বর্ষণে শহরের বেশ কিছু এলাকা পানিতে ডুবে যায়, সড়ক–স্থাপনা তলিয়ে যায় এবং বহু যানবাহন আটকে পড়ে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরায় ব্যাপক ভোগান্তি তৈরি হয়।
‘গালফ নিউজ’-এর তথ্যমতে, প্রায় পাঁচ বছর পর জেদ্দায় এমন ভারি বর্ষণ দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যা ও পানিবন্দি পরিস্থিতির নানা ভিডিও ছড়িয়ে পড়েছে। এদিকে জলাবদ্ধতা দূর করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
একইদিন সৌদি আরবের তাবুক অঞ্চলেও প্রবল বৃষ্টি নামায় গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ভূমিধস হয়ে একটি সড়কের মাঝখানে বড় গর্ত তৈরি হয়। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়াই এই ধসের কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। মানুষের নিরাপত্তার জন্য দুর্ঘটনাস্থলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি উদ্ধারকারী দল এলাকাটি পরিদর্শন করে জানায়, নতুন করে ধসের আশঙ্কা নেই, তবে সতর্কতার অংশ হিসেবে সাধারণ মানুষকে ওই এলাকায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে।