জাপানে অতীতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে—এমন ‘জিকো বুক্কেন’ বা কথিত ‘ভূতের বাড়ি’ নিয়ে মানুষের ভয় দূর করতে চালু হয়েছে এক ব্যতিক্রমী পেশা। এসব বাড়িতে এক রাত অবস্থান করলে সাহসী ব্যক্তিদের দেওয়া হচ্ছে ৮৮ হাজার ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার টাকার সমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিকরা চান প্রমাণ করতে যে […]
প্রতীকী ছবি
জাপানে অতীতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে—এমন ‘জিকো বুক্কেন’ বা কথিত ‘ভূতের বাড়ি’ নিয়ে মানুষের ভয় দূর করতে চালু হয়েছে এক ব্যতিক্রমী পেশা। এসব বাড়িতে এক রাত অবস্থান করলে সাহসী ব্যক্তিদের দেওয়া হচ্ছে ৮৮ হাজার ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার টাকার সমান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিকরা চান প্রমাণ করতে যে এসব বাড়িতে কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে না। এতে সম্ভাব্য ক্রেতা ও ভাড়াটিয়াদের মধ্যে আস্থা বাড়বে এবং দীর্ঘদিন খালি পড়ে থাকা বাড়িগুলো বিক্রি বা ভাড়া দেওয়া সহজ হবে।
জাপানে হত্যা, আত্মহত্যা, অগ্নিকাণ্ডে মৃত্যু কিংবা দীর্ঘ সময় পর একাকী মৃত্যুর ঘটনা ঘটেছে—এমন বাড়িকে ‘জিকো বুক্কেন’ বলা হয়। দেশটির আইন অনুযায়ী, এসব বাড়ির অতীত ইতিহাস ক্রেতা বা ভাড়াটিয়ার কাছে প্রকাশ করা বাধ্যতামূলক। ফলে অনেকেই এমন বাড়ি নিতে অনাগ্রহী হন।
এই সমস্যার সমাধানে বাড়ির মালিক ও আবাসন ব্যবসায়ীরা সাহসী ব্যক্তিদের অর্থের বিনিময়ে এক রাত সেখানে অবস্থানের জন্য নিয়োগ দিচ্ছেন। তবে শুধু রাত কাটালেই হবে না; সারারাত ক্যামেরা ও বিভিন্ন পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে বাড়িটি নজরদারিতে রাখতে হবে। কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটলে তারা বাড়িটিকে ‘ভূতমুক্ত’ বলে একটি সার্টিফিকেট প্রদান করেন।
বিশেষজ্ঞদের মতে, জাপানে জন্মহার কমে যাওয়া, জনসংখ্যার বার্ধক্য এবং শহরমুখী মানুষের সংখ্যা বাড়ায় দেশজুড়ে লাখ লাখ বাড়ি দীর্ঘদিন খালি পড়ে আছে। ফলে এই বিশেষ সেবার চাহিদাও দ্রুত বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু মানুষের ভীতি দূর করা নয়; দীর্ঘদিন অব্যবহৃত বাড়িগুলোকে আবার ব্যবহারযোগ্য করে তোলা এবং আবাসন বাজারকে সচল করাও এর অন্যতম লক্ষ্য।
সূত্র: এনডিটিভি।