শরতের প্রথম পূর্ণিমা হিসেবে পরিচিত ‘হারভেস্ট মুন’ বা ফসল কাটার চাঁদ দেখা যাবে আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর)। এদিন চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে। ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় (BST) বিকেল ৫টা ৪৯ মিনিটে পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে চাঁদ। বাংলাদেশ, ভারতসহ আশপাশের অঞ্চলে সূর্যাস্তের পর পূর্ব আকাশে দেখা মিলবে পূর্ণিমার এই চাঁদের। দিগন্তের কাছাকাছি ওঠার সময় চাঁদকে […]
ছবি: সংগৃহীত
শরতের প্রথম পূর্ণিমা হিসেবে পরিচিত ‘হারভেস্ট মুন’ বা ফসল কাটার চাঁদ দেখা যাবে আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর)। এদিন চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে। ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় (BST) বিকেল ৫টা ৪৯ মিনিটে পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে চাঁদ।
বাংলাদেশ, ভারতসহ আশপাশের অঞ্চলে সূর্যাস্তের পর পূর্ব আকাশে দেখা মিলবে পূর্ণিমার এই চাঁদের। দিগন্তের কাছাকাছি ওঠার সময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল মনে হতে পারে। বায়ুমণ্ডলীয় প্রভাবের কারণে এর রং লালচে বা কমলা আভাযুক্তও দেখা যেতে পারে। এ কারণে শরতের এই বিশেষ পূর্ণিমা জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আলাদা আকর্ষণ তৈরি করে।
‘হারভেস্ট মুন’ নামটির সঙ্গে কৃষিকাজের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শরৎ বিষুবের কাছাকাছি সময়ে দেখা দেওয়া পূর্ণিমাকে সাধারণত ‘হারভেস্ট মুন’ বলা হয়। অতীতে সূর্যাস্তের পর দীর্ঘ সময় চাঁদের আলো পাওয়া যেত। সেই আলো কাজে লাগিয়ে কৃষকেরা সন্ধ্যার পরও ফসল সংগ্রহ ও ঘরে তোলার কাজ চালিয়ে যেতে পারতেন।
তবে হারভেস্ট মুন সবসময় সেপ্টেম্বর মাসে দেখা যায় না। শরৎ বিষুবের সবচেয়ে কাছের পূর্ণিমাকেই এই নামে ডাকা হয়। তাই কোনো কোনো বছর এটি সেপ্টেম্বরে, আবার কোনো বছর অক্টোবরে দেখা যেতে পারে। ২০২৬ সালে হারভেস্ট মুন দেখা যাবে ২৬ সেপ্টেম্বর।
চাঁদ ওঠার সময় অনেক সময় সেটিকে হলুদ, কমলা কিংবা লালচে দেখায়। তবে এটি হারভেস্ট মুনের বিশেষ কোনো বৈশিষ্ট্য নয়। মূলত দিগন্তের কাছে চাঁদের অবস্থানের কারণেই এমন রং দেখা যায়।
দিগন্তের কাছাকাছি থাকলে চাঁদের আলো মানুষের চোখে পৌঁছানোর আগে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তুলনামূলকভাবে বেশি পথ অতিক্রম করে। এ সময় আলোর নীল তরঙ্গদৈর্ঘ্য বেশি বিক্ষিপ্ত হয়ে যায়। ফলে হলুদ, কমলা ও লাল রঙের আলো তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হয়।
চাঁদ আকাশের আরও ওপরে উঠতে থাকলে এই লালচে বা কমলা আভা ধীরে ধীরে কমে আসে।