সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:১৬ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫

যুদ্ধবিরতির পর গাজায় আপাতত দুর্ভিক্ষ নেই: বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি আপাতত নেই বলে জানিয়েছে জাতিসংঘ-সমর্থিত বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক মূল্যায়নে সংস্থাটি জানায়, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা প্রবাহ বাড়ায় গাজা উপত্যকার খাদ্য নিরাপত্তা পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে। সিএনএনের শনিবারের (২০ ডিসেম্বর) প্রতিবেদনে বলা হয়, আইপিসির মতে সংঘাতের মাত্রা […]

যুদ্ধবিরতির পর গাজায় আপাতত দুর্ভিক্ষ নেই: বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি আপাতত নেই বলে জানিয়েছে জাতিসংঘ-সমর্থিত বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক মূল্যায়নে সংস্থাটি জানায়, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা প্রবাহ বাড়ায় গাজা উপত্যকার খাদ্য নিরাপত্তা পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে।

সিএনএনের শনিবারের (২০ ডিসেম্বর) প্রতিবেদনে বলা হয়, আইপিসির মতে সংঘাতের মাত্রা কমে আসা, প্রস্তাবিত শান্তি উদ্যোগ এবং মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে গাজার কোনো এলাকাতেই দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করছে না।

আইপিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, “সংঘাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় এবং খাদ্য সরবরাহ তুলনামূলকভাবে বাড়ায় গাজা উপত্যকার খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই মুহূর্তে কোথাও দুর্ভিক্ষের মতো অবস্থা নেই।”

এর আগে গত আগস্টে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছিল, গাজার কিছু অংশ মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে। তবে সর্বশেষ মূল্যায়নে পরিস্থিতির সাময়িক উন্নতির কথা বলা হলেও, গুরুতর ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আইপিসি।

সংস্থাটি জানিয়েছে, গাজার অধিকাংশ মানুষ এখনও তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, “মানবিক সহায়তা আগের তুলনায় বেড়েছে, তবে তা মূলত কেবল মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণে সীমাবদ্ধ।”

আইপিসি আরও সতর্ক করে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে বা মানবিক ও বাণিজ্যিক সহায়তা প্রবাহ ব্যাহত হলে গাজায় আবারও দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বিশেষ করে উত্তর গাজা, গাজা গভর্নরেট, দেইর আল-বালাহ ও খান ইউনিস ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে থাকবে।

এর আগে ইসরাইল গাজায় দুর্ভিক্ষের অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল, তারা উপত্যকায় ত্রাণ পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছে। গাজায় ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরাইলি সংস্থা ‘কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ’ জানিয়েছে, প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৮০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে, যার প্রায় ৭০ শতাংশেই খাদ্যসামগ্রী রয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান উন্নতি টেকসই করতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং নিয়মিত মানবিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ