পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম। সোমবার সন্ধ্যায় মহিষটির নতুন মালিক সেটিকে নিতে খামারে এলে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার। লাল গালিচা, রঙিন স্মোক এবং রাজকীয় সাজে বিদায় দেওয়া হয় বহুল আলোচিত এই অ্যালবিনো মহিষটিকে। […]
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম।
সোমবার সন্ধ্যায় মহিষটির নতুন মালিক সেটিকে নিতে খামারে এলে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার। লাল গালিচা, রঙিন স্মোক এবং রাজকীয় সাজে বিদায় দেওয়া হয় বহুল আলোচিত এই অ্যালবিনো মহিষটিকে।
দুপুর থেকেই পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খামারের কর্মীরা প্রথমে মহিষটিকে গোসল করিয়ে সাজিয়ে তোলেন। পরে রাজকীয় পোশাক পরিয়ে লাল গালিচা ধরে হাঁটিয়ে গাড়িতে তোলা হয় তাকে। বিদায়ের সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
খামার সূত্র জানায়, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির গায়ের রঙ, চুল ও মুখের গড়নের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মিল থাকায় ফার্ম মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মজা করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সেই নামেই এটি দেশ-বিদেশে ভাইরাল হয়ে যায়।
প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি প্রতি কেজি ৫৫০ টাকা দরে আগেই কিনে নিয়েছিলেন ঢাকার জিনজিরা এলাকার বাসিন্দা সামির। তবে কেনার পরপরই মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আগ্রহ তৈরি হয়। প্রতিদিন অসংখ্য মানুষ খামারে ভিড় করেন এক নজর দেখার জন্য।
রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে খারাপ লাগছে। তবে কোরবানির মূল শিক্ষা ত্যাগ, তাই আনন্দ আর কষ্ট—দুই অনুভূতি নিয়েই বিদায় জানাতে হচ্ছে।”
অন্যদিকে ক্রেতা সামির জানান, তিনি সাধারণভাবেই মহিষটি কিনেছিলেন। পরে এটি বিশ্বজুড়ে আলোচনায় আসবে, তা তিনি ভাবেননি। এখন জিনজিরা এলাকাতেও মানুষ মহিষটিকে দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানান তিনি।