বাগেরহাটের রামপালে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বরযাত্রী নিয়ে মোংলার দিকে যাচ্ছিল একটি […]
ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপালে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বরযাত্রী নিয়ে মোংলার দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত কয়েকজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে একাধিক মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। হাসপাতালে ভর্তি থাকা একজন গুরুতর আহত ব্যক্তিও পরে মারা যান।
নিহত কনে মার্জিয়া আক্তার (মিতু)–এর মামা আবু তাহের জানান, খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে মার্জিয়ার বিয়ে হয়। পরে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি মোংলার শেলাবুনিয়া এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেয়। পথেই এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক–এর ছেলে সাব্বির–এর বিয়ে ছিল। দুর্ঘটনায় আব্দুর রাজ্জাকের পরিবারের একাধিক সদস্য, নববধূ ও তার স্বজনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার এসআই কেএম হাসানুজ্জামান জানান, দুটি গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।