রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যেকোনো ধরনের সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রয়োজন হলে সংঘাত নিরসনে মধ্যস্থতার ভূমিকাও নিতে পারে নয়াদিল্লি—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি […]
ছবি: সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যেকোনো ধরনের সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রয়োজন হলে সংঘাত নিরসনে মধ্যস্থতার ভূমিকাও নিতে পারে নয়াদিল্লি—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত কোনোভাবে সহায়তা করতে পারলে সে উদ্যোগে অংশ নিতে প্রস্তুত রয়েছে। খবর রয়টার্সের।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। বিশেষ করে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও আলোচনায় উঠে আসে।
বর্তমানে ইউক্রেন সফরে থাকা জয়শঙ্কর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এবং পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের অন্যতম লক্ষ্য হলো ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করবেন তিনি।
জয়শঙ্করের কিয়েভ সফরের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক হয়।
সেখানে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোদি বলেন, ভারত শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টাকে সমর্থন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তার মতে, যুদ্ধ যত দীর্ঘ হয়, মানবতা ততটাই পিছিয়ে পড়ে। অন্যদিকে শান্তির দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ মানুষের মধ্যে নতুন আশা তৈরি করে।
মোদি আরও বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের পথ থেকে বেরিয়ে এসে সংঘাতের অবসানের দিকে এগিয়ে যেতে হবে। দ্রুত ও শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, গান্ধী ও বুদ্ধের ভূমি ভারত সবসময় শান্তির বার্তাই দিয়ে এসেছে।
এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের কথা রয়েছে। সেই সফরে মোদি ও পুতিনের মধ্যে আবারও বৈঠক হতে পারে।