হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপের সুযোগ দেওয়া হবে না। ইরানের পক্ষ থেকে এ ধরনের দাবি ওঠার পরই তিনি কড়া প্রতিক্রিয়া জানান। ট্রাম্প […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপের সুযোগ দেওয়া হবে না। ইরানের পক্ষ থেকে এ ধরনের দাবি ওঠার পরই তিনি কড়া প্রতিক্রিয়া জানান।
ট্রাম্প বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ এবং সেখানে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা বা টোল আদায় গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এই রুটকে “মুক্ত ও নিরাপদ” রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ এলাকায় যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শতভাগ কার্যকর রয়েছে। তিনি বলেন, “এটি অনেকটা লোহার দেয়ালের মতো। কেউ এই নিয়ন্ত্রণ ভাঙতে পারেনি।”
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ২৪টি জাহাজ চলাচল করেছে। তবে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটন এখন এই কৌশলগত নৌপথে নিজেদের প্রভাব আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতের পর সেখানে জাহাজ চলাচল ও তেল পরিবহন নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে এবং হরমুজকে কেন্দ্র করে নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনার আশঙ্কাও বাড়িয়েছে।