ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের একটি সংগঠনের উদ্যোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন, লন্ডন, টরন্টো, ভ্যানকুভার, মিলান ও মেলবোর্নে আয়োজিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারীরা ভারতের […]
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের একটি সংগঠনের উদ্যোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটন, লন্ডন, টরন্টো, ভ্যানকুভার, মিলান ও মেলবোর্নে আয়োজিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারীরা ভারতের বর্তমান নীতির কঠোর সমালোচনা করেন। আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম কালিবার.এজ জানায়, বিক্ষোভকারীরা শিখ অধিকারকর্মী হারদীপ সিং নিজ্জার এবং বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদির হত্যার পেছনে ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ তোলেন।
প্রতিবাদকারীদের দাবি, নিজ্জার ও হাদি—উভয়েই ভারতের আঞ্চলিক প্রভাব ও নীতির প্রকাশ্য সমালোচক ছিলেন, যা তাদের হত্যার অন্যতম কারণ হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করাই ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য।
এদিকে, বিশ্বজুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির বিরুদ্ধে চলমান প্রতিবাদ কর্মসূচিগুলো পর্যবেক্ষণকারী সংস্থা বাকু ইনিশিয়েটিভ গ্রুপ (বিআইজি) জানিয়েছে, গত বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এসব বিক্ষোভে নিজ্জার ও হাদির মৃত্যুর জন্য ভারতের দায় অনুসন্ধানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
অন্যদিকে, কানাডার শিখ অধিকারকর্মী হারদীপ সিং নিজ্জার ২০২৩ সালে ব্র্যাম্পটনে নিহত হন। শিখ সম্প্রদায়ের একটি বড় অংশের অভিযোগ, তার হত্যাকাণ্ডেও ভারত সরকারের ভূমিকা ছিল।
তবে ভারত সরকার নিজ্জারকে পাঞ্জাবভিত্তিক বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছিল। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়। কানাডা সরকারের দাবি, দেশটির ভেতরে ভারতের গোয়েন্দা তৎপরতা তাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।