ইরানে হিজাববিধি অমান্য করে কনসার্টে গান গাওয়ার অভিযোগে সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দুই বছরের জন্য ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তাঁর সহযোগীদের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। দেশটিতে নারীদের পোশাকবিধি কার্যকরে সরকারের কঠোর অবস্থানের […]
ছবি: সংগৃহীত
ইরানে হিজাববিধি অমান্য করে কনসার্টে গান গাওয়ার অভিযোগে সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দুই বছরের জন্য ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তাঁর সহযোগীদের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। দেশটিতে নারীদের পোশাকবিধি কার্যকরে সরকারের কঠোর অবস্থানের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে।
ইরানের সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের এ শাস্তি দেওয়া হয়।
আইনজীবী দলের এক সদস্য জানান, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য তাঁদের ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
হিজাব ছাড়া কনসার্ট, ছড়িয়ে পড়ে ভিডিও
২০২৪ সালের ডিসেম্বরে ইরানের কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল হাতাকাটা পোশাক। তিনি পরিবেশন করেন ঐতিহ্যবাহী ইরানি সংগীত।
কনসার্টটির ভিডিও পরে ইউটিউবে প্রকাশ করা হয়। এখনো ভিডিওটি আহমাদির চ্যানেলে রয়েছে। এটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে এবং তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে।
অনুষ্ঠানের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাঁকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখে আদালত।
হিজাব আইন নিয়ে সরকারের সঙ্গে বিরোধ
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে দীর্ঘদিন ধরেই এই আইন প্রয়োগে কঠোরতা ও শিথিলতার পার্থক্য দেখা গেছে।
বিশেষ করে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের চলাফেরা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই জনসমক্ষে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নারীরা হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করছেন।
২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে হিজাব আইন নিয়ে সরকারের সঙ্গে সাধারণ মানুষের বিরোধ আরও তীব্র হয়েছে।
ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে বলেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই আইন অমান্য করার প্রবণতা বাড়ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও দেশটিতে ক্রমবর্ধমানসংখ্যক নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে চলাফেরা করতে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
হিজাব আইন কার্যকরে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
গত এক বছরে ইরানি কর্মকর্তারা হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মানতে বাধ্য করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।
আগেও শাস্তির মুখে পড়েছেন শিল্পীরা
হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের একাধিক শিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে।
২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তাঁর একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।
এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন এবং সেই ভিডিও ধারণের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।
তথ্যসূত্র: বিবিসি, ইরান ইন্টারন্যাশনাল