সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:৩১ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

২০৫৬ সালের মধ্যে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস (মেট অফিস)-এর বিজ্ঞানীরা ১৯৭৬ সালের ঐতিহাসিক গ্রীষ্মকালীন তীব্র তাপপ্রবাহের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন জলবায়ু মডেল প্রকাশ করেছেন। ‘পসিবল ২০৫৬ সিনারিও’ বা ২০৫৬ সালের সম্ভাব্য রূপরেখা নামের এই মডেলে ভবিষ্যতে একই ধরনের চরম তাপপ্রবাহের প্রভাব কেমন হতে পারে, তার একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার […]

২০৫৬ সালের মধ্যে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস (মেট অফিস)-এর বিজ্ঞানীরা ১৯৭৬ সালের ঐতিহাসিক গ্রীষ্মকালীন তীব্র তাপপ্রবাহের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন জলবায়ু মডেল প্রকাশ করেছেন। ‘পসিবল ২০৫৬ সিনারিও’ বা ২০৫৬ সালের সম্ভাব্য রূপরেখা নামের এই মডেলে ভবিষ্যতে একই ধরনের চরম তাপপ্রবাহের প্রভাব কেমন হতে পারে, তার একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার যদি ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তবে সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে। একই সঙ্গে যুক্তরাজ্যের অন্যান্য অংশ যেমন—ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে তাপমাত্রা যথাক্রমে ৪১ ডিগ্রি, ৩৮ ডিগ্রি এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এই রূপরেখা অনুযায়ী, একটি দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ টানা দুই সপ্তাহ বা ১৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এর মধ্যে টানা নয় দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।

মেট অফিসের অধ্যাপক স্টিফেন বেলচার এ বিষয়ে বলেন, যুক্তরাজ্যে আবহাওয়া নিয়ে আলোচনা একটি জাতীয় অভ্যাসের মতো এবং ১৯৭৬ সালের সেই তীব্র গ্রীষ্মের স্মৃতি এখনো অনেকের মনে গেঁথে আছে।

তিনি বলেন, “তবে সেই সময়ের পর থেকে বর্তমান জলবায়ুর মৌলিক পরিবর্তন ঘটেছে এবং যুক্তরাজ্যের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গড় তাপমাত্রার পাশাপাশি চরম আবহাওয়ার তীব্রতাও উল্লেখযোগ্যভাবে বদলে গেছে।”

বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়েছেন যে এটি নিশ্চিতভাবে ঘটবে এমন কোনো আবহাওয়ার পূর্বাভাস নয়। বরং জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে বিজ্ঞানের দৃষ্টিতে ২০৫৬ সালের দিকে এমন একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়া সম্পূর্ণভাবে সম্ভব। গবেষকরা মূলত সেই সম্ভাব্য রূপরেখাটিই তুলে ধরেছেন।

তাদের মতে, ভবিষ্যতের এই ধরনের তাপপ্রবাহ শুধু জনস্বাস্থ্য নয়, কৃষি, জ্বালানি, পরিবহন ও অবকাঠামোর ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দীর্ঘস্থায়ী উচ্চ তাপমাত্রা বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং পানির চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা যেতে পারে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ