ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গত মাসে তার সরকার ক্ষমতায় আসার পর থেকে ৪ হাজার ৮০০ বাংলাদেশি নাগরিককে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে বর্তমানে বিভিন্ন হোল্ডিং সেন্টারে থাকা আরও ৮৩৬ জনকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৭ জুন) কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু […]
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গত মাসে তার সরকার ক্ষমতায় আসার পর থেকে ৪ হাজার ৮০০ বাংলাদেশি নাগরিককে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে বর্তমানে বিভিন্ন হোল্ডিং সেন্টারে থাকা আরও ৮৩৬ জনকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এ তথ্য জানান। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় না পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে তার সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে। প্রায় ১০ কোটিরও বেশি মানুষের এই সীমান্তবর্তী রাজ্যে নির্বাচনী প্রচারণার সময় অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল দলটি।
ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকার নথিপত্রহীন বাংলাদেশি নাগরিক এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশেষ হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দেয়। মে মাসে রাজ্যের সব জেলায় এসব কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়।
শুভেন্দু অধিকারী বলেন, “আমরা সেইসব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ শুরু করেছি, যারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়ে না। হোল্ডিং সেন্টারগুলো থেকে ইতোমধ্যে ৪ হাজার ৮০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আরও ৮৩৬ জন এসব হোল্ডিং সেন্টারে রয়েছে। তাদেরও খুব শিগগিরই ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।”
পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই সীমান্ত পারাপার ও অভিবাসন ইস্যু রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। বিজেপি নেতারা বিভিন্ন সময়ে অবৈধ অভিবাসীদের ‘অনুপ্রবেশকারী’ এবং ‘উইপোকা’ বলে অভিহিত করেছেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
সমালোচকদের মতে, বিজেপির অভিবাসনবিষয়ক বক্তব্য এবং নীতিমালা ভারতের ২০ কোটিরও বেশি মুসলিম নাগরিকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই অভিযোগ করেছেন, দলটি ধর্মীয় পরিচয় এবং অবৈধ অভিবাসনের বিষয়কে একসঙ্গে উপস্থাপন করছে।
অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোও ভারতের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর শত শত সদস্যকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে। এসব সংগঠনের দাবি, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় যথাযথভাবে যাচাই না করেই তাদের সীমান্তের দিকে পাঠানো হয়েছে।
তবে পশ্চিমবঙ্গ সরকার বলছে, আইন অনুযায়ী যাচাই-বাছাই করেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বর্তমানে পশ্চিমবঙ্গে অভিবাসন ও নাগরিকত্ব ইস্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়টিও বিজেপি সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে সামনে এসেছে।