ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার ভোরে সংঘটিত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে […]
ছবি: সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার ভোরে সংঘটিত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে। ভূমিকম্পের তীব্র কম্পন পুরো মিন্দানাও অঞ্চলজুড়ে অনুভূত হয়। এমনকি প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ, ভবনধস এবং ভূমিধসে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৩৪ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল সান্তোস সিটি, যেখানে প্রায় সাত লাখ মানুষের বসবাস। শহরের বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ৪৪ বছর বয়সী জোজো কালমা জানান, জীবনে এত শক্তিশালী ভূমিকম্প তিনি আগে কখনও দেখেননি। ভূমিকম্পের সময় তিনি একটি ভবনের সামনে মোটরচালিত থ্রি-হুইলার ট্যাক্সি চালাচ্ছিলেন। পরে ভবনটি ধসে পড়লেও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
তিনি বলেন, “আমি আমার সন্তান ও ভাগ্নির কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যদি তাদের কিছু হয়ে যেত, তা ভাবতেই পারছিলাম না।” তিনি আরও জানান, তার সন্তানরা তখন স্কুলে থাকলেও নিরাপদ রয়েছে। তবে তার ভাইয়ের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সরকারের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ফাস্টফুড রেস্তোরাঁ সংবলিত ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ছে। ভবনটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে চারপাশে ধুলার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ছুটির পর স্কুল খোলার পরদিনই এই ভূমিকম্প আঘাত হানায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং জরুরি সেবাকর্মীদের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।
ভূমিকম্পের পরপরই দক্ষিণ ফিলিপাইন, উত্তর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাবাহ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর ছয় ঘণ্টারও বেশি সময় পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করার কারণে ফিলিপাইন প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকে। দেশটিতে নিয়মিত মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
উল্লেখ্য, গত বছর মধ্য ফিলিপাইনের সেবু দ্বীপের উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৯ জন নিহত হয়েছিলেন। এরপর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে মিন্দানাও অঞ্চলে ৭.৪ মাত্রাসহ আরও দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সর্বশেষ এই ৭.৮ মাত্রার ভূমিকম্প গত এক বছরের মধ্যে দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: রয়টার্স