সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

আবাসন সংকটে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বিক্ষোভে ৪০ লাখ মানুষ

আকাশছোঁয়া বাড়িভাড়া, আবাসন সংকট ও উচ্ছেদের প্রতিবাদে স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে কর্মবিরতি ও মিছিলের আয়োজন করা হয়। সন্ধ্যায় মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, ধর্মঘট ঘিরে দেশজুড়ে অন্তত ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী […]

আবাসন সংকটে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বিক্ষোভে ৪০ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আকাশছোঁয়া বাড়িভাড়া, আবাসন সংকট ও উচ্ছেদের প্রতিবাদে স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে কর্মবিরতি ও মিছিলের আয়োজন করা হয়। সন্ধ্যায় মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, ধর্মঘট ঘিরে দেশজুড়ে অন্তত ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই আন্দোলন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে ইউরোজোন ঋণসংকটের সময়ের পর স্পেনে এটিই প্রথম সাধারণ ধর্মঘট, যেখানে দেশটির সবচেয়ে বড় দুই শ্রমিক সংগঠন—জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশনস (সিসিওও)—যৌথভাবে সমর্থন দিয়েছে। ভাড়াটিয়াদের সংগঠনগুলোও আন্দোলনে যুক্ত হয়। ধর্মঘটে শ্রমিকদের পাশাপাশি বাড়িভাড়ার চাপ ও উচ্ছেদের বিরুদ্ধে ক্ষোভ জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাদ্রিদ-বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মাদ্রিদ, বার্সেলোনা ও অন্যান্য শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। মাদ্রিদের প্রধান বাণিজ্যিক সড়ক গ্রান ভিয়ায় মিছিলের সময় প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুল অ্যান্ড বিয়ারের মতো ব্র্যান্ডের দোকান বন্ধ হয়ে যায়।

দিনের বেশির ভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বার্সেলোনায় মূল মিছিল শেষ হওয়ার পর রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাদ্রিদের প্লাজা দে এস্পানায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৯টা জিএমটি পর্যন্ত ধর্মঘট-সংশ্লিষ্ট অন্তত ১ হাজার ৪৪টি ঘটনার খবর পাওয়া যায়। এসব ঘটনার মধ্যে বিভিন্ন স্থানে অবরোধ এবং আবর্জনার পাত্রে আগুন দেওয়ার ঘটনাও ছিল। পরবর্তী সময়ে গ্রেপ্তারের সংখ্যা ১১৫-তে পৌঁছায়।

পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শ্রমিক সংগঠনগুলোও পুলিশের অভিযানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানিয়েছে। ক্ষমতাসীন জোটের শরিক দল সুমার স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্র্যান্ডে-মার্লাস্কার পদত্যাগ দাবি করেছে। চাপের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের অভিযানের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

কেন এত ক্ষোভ স্পেনের মানুষের?

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, দেশটির যুব কাউন্সিলের তথ্য বলছে, গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো। এই অঙ্ক একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশের সমান। অর্থাৎ একজন তরুণের প্রায় পুরো মাসিক আয়ই বাড়িভাড়া দিতে চলে যাচ্ছে।

বাড়ি কেনার সামর্থ্য কমে যাওয়ায় ভাড়ার ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়ছে। ফলে ভাড়াবাজারে চাপ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, বাড়িভাড়া ও বাড়ির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে; উচ্ছেদের ঘটনাও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

স্পেনে আবাসন সংকট নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছিল। মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে উচ্ছেদের পর তাঁর মৃত্যুর ঘটনা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। পাশাপাশি, উচ্ছেদ ঠেকানো ও বাড়িভাড়ার চাপ কমাতে সরকারের আনা দুটি ডিক্রি গত মাসে পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। এসব ঘটনার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন।

ধর্মঘটের প্রভাব পড়ে দেশটির শিল্প ও পরিবহন খাতেও। শ্রমিক সংগঠনগুলোর দাবি, গাড়ি নির্মাণশিল্পে প্রায় ৯০ শতাংশ কর্মী ধর্মঘটে অংশ নেন। ভক্সওয়াগেনের নাভারা কারখানা ও সিয়াটের বার্সেলোনা কারখানায় উৎপাদন ব্যাহত হয়। বন্দর, দোকানপাট এবং মাদ্রিদ ও বার্সেলোনার গণপরিবহনেও প্রভাব পড়ে।

তবে অর্থনীতিবিদদের মতে, দূর থেকে কাজের সুযোগ বৃদ্ধি এবং সেবা খাতের বিস্তারের কারণে ধর্মঘটের সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি অতীতের তুলনায় কম হতে পারে। বিবিবিএ রিসার্চের এক অর্থনীতিবিদ রয়টার্সকে বলেছেন, ধর্মঘটের কারণে স্পেনের বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ০ দশমিক ১ থেকে ০ দশমিক ২ শতাংশ পর্যন্ত কমতে পারে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ