যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত সাংবাদিক শেখ খোরশান। হামলার পর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ার ৫১০০ মার্কেট স্ট্রিট এলাকায় হেঁটে যাওয়ার সময় […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত সাংবাদিক শেখ খোরশান। হামলার পর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ার ৫১০০ মার্কেট স্ট্রিট এলাকায় হেঁটে যাওয়ার সময় শেখ খোরশানের ওপর হামলা চালায় দুই ছিনতাইকারী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একজন ছেলে ও একজন মেয়েসহ দুই অল্পবয়সী ব্যক্তি পেছন থেকে তাকে আচমকা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
মাটিতে পড়ে যাওয়ার পর হামলাকারীরা তার কাছ থেকে প্রায় ২০০ মার্কিন ডলার নগদ অর্থ ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার সময় আশপাশে থাকা এক প্রত্যক্ষদর্শী দ্রুত যুক্তরাষ্ট্রের জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই পুলিশ ও জরুরি চিকিৎসা সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে শেখ খোরশানকে উদ্ধার করে ফিলাডেলফিয়ার পেন প্রেসবাইটেরিয়ান হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, মাটিতে পড়ে যাওয়ার সময় তার হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। এছাড়া ঘাড়েও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকতা করে আসা শেখ খোরশান বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। তার ওপর এমন হামলার ঘটনায় ফিলাডেলফিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কমিউনিটির নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা শেখ খোরশানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
শেখ খোরশানের পরিবারের পক্ষ থেকেও তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
সূত্র: ফিলাডেলফিয়া পেপার।