সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৫৭ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬

আসছে ‘প্রবাসী কার্ড’, প্রবাসীদের জন্য মিলবে অন্তত ১০টি বিশেষ সুবিধা

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বহুমুখী সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়েছে, আগামী মাস থেকেই এই কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা প্রবাসী কার্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বৈঠকে জানানো […]

আসছে ‘প্রবাসী কার্ড’, প্রবাসীদের জন্য মিলবে অন্তত ১০টি বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বহুমুখী সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়েছে, আগামী মাস থেকেই এই কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা প্রবাসী কার্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

বৈঠকে জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল লক্ষ্য হলো বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় অগ্রাধিকার নিশ্চিত করা। একই সঙ্গে ডুয়াল কারেন্সি সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং ব্যবস্থাকে আরও সহজ করা হবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রবাসী কার্ডও বাস্তবায়নের পথে এগোচ্ছে।

প্রবাসী কার্ডধারীরা অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন। সেগুলোর মধ্যে রয়েছে—

১. দেশে ও বিদেশের বিমানবন্দরে বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা।

২. আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা।

৩. বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ মূল্যছাড়।

৪. দেশে ও বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিংয়ের সুযোগ এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সুবিধা।

৫. সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড়।

৬. কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা।

৭. প্রবাসফেরতদের পুনর্বাসন কর্মসূচি এবং বীমা সুবিধা।

৮. জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকারমূলক সেবা।

৯. রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সহজ অর্থ প্রেরণ ও লেনদেনের সুযোগ।

১০. জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবা, ব্যাংকিং এবং অন্যান্য সরকারি সেবায় অগ্রাধিকার।

সভায় জানানো হয়, আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে মোট ২ লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের সব ধরনের কার্যক্রম পরিচালিত হবে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যাতে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আসতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণেরও নির্দেশনা দেন।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ