ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১ শতাংশ […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৭৩ ডলারে লেনদেন হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি, ইরানের অর্থ এবং প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। পোস্টে তিনি লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ, শত শত কোটি ডলার এবং তাদের প্রণালি এখন আমাদের হাতে রয়েছে।’
এর আগে দিনের শুরুতে এশিয়ার বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছিল। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় পরবর্তী সময়ে দাম আবার বাড়তে শুরু করে।
একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ ডলার ২১ সেন্টে পৌঁছায়। আর ডব্লিউটিআইয়ের দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬ ডলার ৮০ সেন্টে দাঁড়ায়।
সূত্র: সিএনবিসি