দেশের বিভিন্ন খাতের অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন, রেলওয়ের জন্য নতুন লোকোমোটিভ সংগ্রহ, নৌযান কেনা, সেতু নির্মাণ, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং বিদেশে বাংলাদেশের চ্যান্সারি ভবন সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ। বুধবার […]
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন খাতের অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন, রেলওয়ের জন্য নতুন লোকোমোটিভ সংগ্রহ, নৌযান কেনা, সেতু নির্মাণ, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং বিদেশে বাংলাদেশের চ্যান্সারি ভবন সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৮০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
একনেকে অনুমোদন পাওয়া ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং নৌপরিবহন, রেলপথ, পররাষ্ট্র এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সাতটি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণের প্রকল্প রয়েছে। একই মন্ত্রণালয়ের অধীনে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনও একনেকের অনুমোদন পেয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পও অনুমোদন পেয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন ব্যবহার উপযোগী করতে সংস্কার ও আধুনিকায়নের প্রকল্প রয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ভজনপুর (নিজবাড়ী)-আটোয়ারী-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন।
এ ছাড়া বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পও একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।
এর বাইরে ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে।