কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির এক বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় বিএনপির ছাত্রদল, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এনসিপি। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ফুলবাড়ী ও […]
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির এক বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় বিএনপির ছাত্রদল, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এনসিপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলার সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান এবং নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা জানান, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে অগ্রসর হওয়ার সময় বিপরীত দিক থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। সেই সময় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির একাধিক নেতাকর্মী আহত হন।
কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, “হবিগঞ্জ ও ফুলবাড়ীতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের দুই শতাধিক লোকজন হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।” তিনি হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল দাবি করেন, ছাত্রশক্তির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিল। তার ভাষ্য, মিছিলে অতিক্রম করার সময় বিএনপির এক কর্মী হামলার শিকার হন, এরপর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তিনি বলেন, ঘটনার সমাধানে জেলা পর্যায়ের নেতারা ফুলবাড়ীতে আসবেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম বলেন, এনসিপির মিছিল চলাকালে হঠাৎ করে হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।