সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৭:১০ অপরাহ্ন, ৫ নভেম্বর ২০২৬

এল-সায়েদের এক মন্তব্যের পর ‘হাবীবী’ শব্দের অর্থ খুঁজতে গুগলে হুমড়ি খেয়ে পড়লেন মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে আরবি শব্দ ‘হাবীবী’ ব্যবহার করেন আবদুল এল-সায়েদ। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে দেওয়া তাঁর ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে গুগলে শব্দটির অর্থ খোঁজার প্রবণতা হঠাৎ বেড়ে যায়। বুধবার (৪ নভেম্বর) দেশটির শীর্ষ অনুসন্ধানগুলোর মধ্যে জায়গা করে নেয় ‘হাবীবী মিনিং’ বা ‘হাবীবী শব্দের অর্থ’। নির্বাচনে […]

এল-সায়েদের এক মন্তব্যের পর ‘হাবীবী’ শব্দের অর্থ খুঁজতে গুগলে হুমড়ি খেয়ে পড়লেন মার্কিনিরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে আরবি শব্দ ‘হাবীবী’ ব্যবহার করেন আবদুল এল-সায়েদ। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে দেওয়া তাঁর ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে গুগলে শব্দটির অর্থ খোঁজার প্রবণতা হঠাৎ বেড়ে যায়। বুধবার (৪ নভেম্বর) দেশটির শীর্ষ অনুসন্ধানগুলোর মধ্যে জায়গা করে নেয় ‘হাবীবী মিনিং’ বা ‘হাবীবী শব্দের অর্থ’।

নির্বাচনে জয়ের পর ডেট্রয়েটে সমর্থকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন এল-সায়েদ। এ সময় জেডি ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেডি, হাবীবী, কী দারুণ বিদ্রূপ—জানুয়ারিতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তোমাকে আমাকে শপথ পড়াতে হবে।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট একই সঙ্গে সিনেটের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। নতুন নির্বাচিত সিনেটরদের শপথ পড়ানোর দায়িত্বও সাধারণত তাঁর ওপর থাকে। সে অনুযায়ী, আগামী জানুয়ারিতে এল-সায়েদকে শপথ পড়াতে হতে পারে ভ্যান্সকেই। অথচ নির্বাচনী প্রচারের সময় ভ্যান্স তাঁর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন এবং একপর্যায়ে তাঁকে ‘খুবই মন্দ’ বলে আক্রমণ করেছিলেন।

এল-সায়েদকে নিয়ে নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁকে ‘জিহাদি’ বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। নিজের আরব বংশোদ্ভূত পরিচয় ও মুসলিম বিশ্বাসের কারণে প্রচারের সময় বিভিন্ন আক্রমণের মুখে পড়েছিলেন এল-সায়েদ। বিজয়ী ভাষণে ‘হাবীবী’ শব্দটি ব্যবহার করে ভ্যান্সকে উদ্দেশ করে দেওয়া মন্তব্যে সেই রাজনৈতিক বিরোধের প্রসঙ্গও উঠে আসে।

‘হাবীবী’ একটি আরবি শব্দ। এর অর্থ ‘আমার প্রিয়’, ‘প্রিয়জন’ বা ‘ভালোবাসার মানুষ’। সাধারণত বন্ধু, পরিবারের সদস্য কিংবা কাছের কাউকে স্নেহের সঙ্গে সম্বোধন করতে শব্দটি ব্যবহার করা হয়। তবে ভ্যান্সকে উদ্দেশ করে শব্দটি ব্যবহার করে এল-সায়েদ স্নেহসূচক সম্বোধনের পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক বার্তাও দিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে গুগলের শীর্ষ ১০ ট্রেন্ডিং অনুসন্ধানের তালিকায় ছিল ‘হাবীবী মিনিং’। নির্বাচনের আগে শব্দটি নিয়ে অনুসন্ধানের পরিমাণ ছিল খুবই কম। এল-সায়েদের বক্তব্যের পর তা দ্রুত বাড়তে থাকে। গ্রিনিচ মান সময় (জিএমটি) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে অনুসন্ধানের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিশিগান থেকে সবচেয়ে বেশি মানুষ শব্দটির অর্থ খুঁজেছেন। এরপর ছিল ডেলাওয়্যার ও ওয়েস্ট ভার্জিনিয়া।

নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল এল-সায়েদ। তাঁর নির্বাচনী জয় এবং বিজয়ী ভাষণের ওই একটি শব্দ—দুটিই এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অনলাইন আলোচনায় জায়গা করে নিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ফক্স ২ ডেট্রয়েট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ