বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত সাত বছর বয়সী শিশু ফাতেমার মা ফজিলা বেগমকে প্রায় সাড়ে তিন বছর পর ফিরে পেয়েছে তার পরিবার। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গণমাধ্যমে প্রকাশিত একটি ছবির সূত্র ধরে স্বজনরা তাকে শনাক্ত করেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন প্রয়োজনীয় কাগজপত্র […]
বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত সাত বছর বয়সী শিশু ফাতেমার মা ফজিলা বেগমকে প্রায় সাড়ে তিন বছর পর ফিরে পেয়েছে তার পরিবার। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গণমাধ্যমে প্রকাশিত একটি ছবির সূত্র ধরে স্বজনরা তাকে শনাক্ত করেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ফজিলা বেগমকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এসময় সমাজসেবা বিভাগের কর্মকর্তা, বাগেরহাট সদর মডেল থানার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, কুমিরের আক্রমণে শিশু ফাতেমার মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ছবিতে ফজিলা বেগমকে দেখতে পান তারা। এরপর ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রাম থেকে পরিবারের সদস্যরা বাগেরহাটে ছুটে আসেন।
ফজিলা বেগমের মা হাজেরা খাতুন বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে তার মেয়ে ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন। তখন ফাতেমার বয়স ছিল মাত্র তিন থেকে চার বছর। ফাতেমা ছিল পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। মেয়েকে ফিরে পেয়ে আনন্দিত হলেও নাতনির মৃত্যুর কষ্ট ভুলতে পারছেন না বলে জানান তিনি।
ফজিলা বেগমের ছোট ভাই জুয়েল মিয়া বলেন, “তিন বছরের বেশি সময় আগে আমার বোন হারিয়ে গিয়েছিল। আজ তাকে ফিরে পেয়েছি, এটা অনেক আনন্দের। কিন্তু ভাগ্নি ফাতেমার কথা মনে হলে খুব খারাপ লাগে।”
পরিবারের সদস্যরা জানান, মানসিক ভারসাম্যহীন ফজিলা বেগম স্পষ্টভাবে সব কথা বলতে না পারলেও বারবার তার মেয়েকে না ছেড়ে যাওয়ার কথা বলছিলেন।
ইউএনও মোসা. আতিয়া খাতুন বলেন, পরিবারের পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফজিলা বেগমকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামলে কুমিরের আক্রমণের শিকার হয় সাত বছরের শিশু ফাতেমা। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।