রাজধানীর মহাখালী এলাকায় এক যুবকের কোলে শিশুর মরদেহ নিয়ে হাঁটার একটি হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শিশুটির নাম সাদমান, বয়স আনুমানিক তিন থেকে চার বছর। সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরিবার তাকে চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত হাসপাতালে নিয়ে আসছিল কামরাঙ্গীরচর থেকে। তবে শেষ […]
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী এলাকায় এক যুবকের কোলে শিশুর মরদেহ নিয়ে হাঁটার একটি হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শিশুটির নাম সাদমান, বয়স আনুমানিক তিন থেকে চার বছর। সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরিবার তাকে চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত হাসপাতালে নিয়ে আসছিল কামরাঙ্গীরচর থেকে। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ কোলে নিয়ে ফুটওভার ব্রিজ পার হয়ে বাড়ির পথে হাঁটছেন। হাসপাতালের সামনে কয়েকজন নারীকে শোকাহত অবস্থায় কান্না করতেও দেখা গেছে।
তবে ছবিতে থাকা ব্যক্তি কিংবা শিশুটির পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে একজন এবং সন্দেহভাজন হিসেবে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৫ হাজার ৯৩৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজারের বেশি রোগী। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠছে।