যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে এক অভিভাবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। আটক অভিভাবকের নাম ইউনুস আলী। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার […]
ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে এক অভিভাবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
আটক অভিভাবকের নাম ইউনুস আলী। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় কক্ষে প্রবেশ করে কোনো কথা না বলেই তাঁকে চড় মারতে শুরু করেন ইউনুস আলী। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামে আরেক ব্যক্তিকেও সেখানে দেখা যায়। তাঁদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না—এমন খবর জানার পর তার বাবা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে হামলা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামানসহ ১১ শিক্ষক থানায় অভিযোগ করেন। পরে বিকেলে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।
ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ইউনুস আলীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তাঁকে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।
সূত্র: বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ ও ঝিকরগাছা থানা পুলিশ