সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৩:৩৪ পিএম, ১০ জুন ২০২৬

জন্মদিনের কেকের ভেতরে ধাতব তার, গিলে ফেলল ৩ বছরের শিশু

ভারতের মহারাষ্ট্রের থানে শহরে জন্মদিনের কেক খেতে গিয়ে দুটি ধাতব তার গিলে ফেলেছে তিন বছর বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে গত ৩১ মে, যখন পরিবারের সদস্যরা শিশুটির আগাম জন্মদিন উদযাপন করছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির নাম রেয়াংশ। তার পরিবার স্থানীয় একটি বেকারি থেকে জন্মদিনের কেক অর্ডার করেছিল। কেকটিতে সোনালি রঙের বোলিং পিন […]

জন্মদিনের কেকের ভেতরে ধাতব তার, গিলে ফেলল ৩ বছরের শিশু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের মহারাষ্ট্রের থানে শহরে জন্মদিনের কেক খেতে গিয়ে দুটি ধাতব তার গিলে ফেলেছে তিন বছর বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে গত ৩১ মে, যখন পরিবারের সদস্যরা শিশুটির আগাম জন্মদিন উদযাপন করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির নাম রেয়াংশ। তার পরিবার স্থানীয় একটি বেকারি থেকে জন্মদিনের কেক অর্ডার করেছিল। কেকটিতে সোনালি রঙের বোলিং পিন আকৃতির সাজসজ্জা ব্যবহার করা হয়েছিল, যার ভেতরে পাতলা ধাতব তার ছিল।

রেয়াংশের মা স্নেহা শেলার জানান, কেকটি দেখে তার ছেলে খুব আনন্দিত হয়ে নিজেই খাওয়া শুরু করে। পরে পরিবারের অন্য দুই শিশু কেক খেতে গিয়ে শক্ত কিছু অনুভব করলে বিষয়টি নজরে আসে।

বেকারির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, কেকের সাজসজ্জায় ব্যবহৃত পিনগুলোর ভেতরে ধাতব তার ছিল। তবে কেক সরবরাহের সময় এ বিষয়ে পরিবারকে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

এরই মধ্যে রেয়াংশ কেকের সঙ্গে দুটি ধাতব তার গিলে ফেলেছিল। পরে তাকে দ্রুত থানের জুপিটার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা এক্স-রে পরীক্ষার মাধ্যমে শিশুটির ক্ষুদ্রান্ত্রে তার দুটি শনাক্ত করেন।

প্রাথমিকভাবে অস্ত্রোপচারের বিষয়টি বিবেচনা করা হলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরা জানান, প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে তারগুলো শরীর থেকে বেরিয়ে আসে।

বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর রেয়াংশের মা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে বেকারিগুলোকে কেকের সাজসজ্জায় ব্যবহৃত উপকরণ সম্পর্কে গ্রাহকদের আগাম জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুদের কেক খাওয়ানোর আগে অভিভাবকদের সতর্কভাবে তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ