সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫০ পিএম, ১৫ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত-পথনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। বুধবার (১৫ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি […]

জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত-পথনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ।

বুধবার (১৫ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ জুলাই একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।

রাষ্ট্রপতি আন্দোলনে আহত তরুণ-তরুণী ও যুবকদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের অনেকেই পঙ্গুত্ববরণ করে আজও কঠিন বাস্তবতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং জুলাই যোদ্ধাসহ আন্দোলনে অংশ নেওয়া সব দেশপ্রেমিক নাগরিকের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত হাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের আত্মাহুতি আন্দোলনকে নতুন গতি দেয়। পরবর্তী সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তার, দমন-পীড়ন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

রাষ্ট্রপতি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সাহস, আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস জনগণ। জনগণের অধিকার, মর্যাদা, স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

বাণীর শেষে রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও শাশ্বত শান্তি কামনা করেন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ