সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:০৭ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬

জুলাই গণহত্যার বিচার ধীর হয়ে গেল কেন, প্রশ্ন তাজুল ইসলামের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলে এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, গত কয়েক মাসে নতুন কোনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি এবং নতুন কোনো বিচারও শুরু হয়নি। শুক্রবার (১৯ জুন) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই থ্রু দ্য লেন্স […]

জুলাই গণহত্যার বিচার ধীর হয়ে গেল কেন, প্রশ্ন তাজুল ইসলামের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলে এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, গত কয়েক মাসে নতুন কোনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি এবং নতুন কোনো বিচারও শুরু হয়নি।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই থ্রু দ্য লেন্স অব লিটারেচার’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রেভোল্যুশন’স ওয়াচ’ নামের একটি সংগঠন এ কর্মশালার আয়োজন করে।

তাজুল ইসলাম বলেন, “জুলাইয়ের যে হত্যাযজ্ঞের কথা আমরা বলছি, আন্তর্জাতিক আইনের ভাষায় সেটি গণহত্যা নয়, বরং মানবতাবিরোধী অপরাধ। কিন্তু এর বিচার কেন ধীর হয়ে গেল? গত চার মাসে একটি তদন্ত প্রতিবেদনও দাখিল হয়নি, নতুন কোনো বিচারও শুরু হয়নি কেন?”

বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই অপরাধগুলোর বিচার অবশ্যই শেষ করতে হবে। বিচার বিলম্বিত হলে অপরাধে অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিরা আবারও সক্রিয় হওয়ার সাহস পেতে পারে।”

জুলাই–সংক্রান্ত মামলাগুলোর রায় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ঘোষিত রায়গুলো সবার মনোযোগ দিয়ে পড়া উচিত। তার মতে, এসব রায় ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গবেষণাধর্মী বইও লেখা সম্ভব।

এ সময় জুলাই জাদুঘর এখনো সাধারণ মানুষের জন্য পুরোপুরি উন্মুক্ত না হওয়ায়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর চিফ প্রসিকিউটরের দায়িত্ব পান তাজুল ইসলাম।

পরে সরকার পরিবর্তনের পর ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন মো. আমিনুল ইসলাম।

কর্মশালায় প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাইয়ের চেতনা ও ইতিহাসকে আরও শক্তিশালীভাবে ধারণ করতে হবে। কারণ, জুলাইয়ের সংগ্রাম এখনো পুরোপুরি শেষ হয়নি।”

তিনি আরও বলেন, জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে সাহিত্যকর্ম তুলনামূলক কম হওয়ার কারণ হলো ঘটনাটি এখনো মানুষের স্মৃতিতে অত্যন্ত জীবন্ত। সময়ের ব্যবধানে এ বিষয়ে আরও উপন্যাস, গবেষণা ও চলচ্চিত্র নির্মিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই গণ–অভ্যুত্থানকে ঘিরে শক্তিশালী সাহিত্য রচনা না হলে মানসম্মত চলচ্চিত্র নির্মাণও কঠিন হবে। তবে এ ধরনের সাহিত্য যেন কৃত্রিম বা উদ্দেশ্যপ্রণোদিত না হয়, সেদিকেও গুরুত্ব দেন তিনি।

চিত্রনাট্যকার মাবরুর রশীদ বান্নাহ বলেন, জুলাই আন্দোলন নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। তিনি প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ একটি গণ–অভ্যুত্থান নিয়ে এখনো বড় কোনো চলচ্চিত্র কেন নির্মিত হয়নি।

কর্মশালায় কবি হাসান রোবায়েতসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ