সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৩:০২ অপরাহ্ন, ৯ নভেম্বর ২০২৬

তুরস্কের কপ-৩১ জলবায়ু সম্মেলনে ৯৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশ্বনেতাদের মহাসমাবেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন পদক্ষেপ ও অর্থায়নের পথ নির্ধারণে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে ছয় মহাদেশের ৯৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ মোট ১০২ জন বিশ্বনেতা অংশ নিচ্ছেন। তাঁদের পাশাপাশি সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিচ্ছেন। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের […]

তুরস্কের কপ-৩১ জলবায়ু সম্মেলনে ৯৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশ্বনেতাদের মহাসমাবেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন পদক্ষেপ ও অর্থায়নের পথ নির্ধারণে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে ছয় মহাদেশের ৯৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ মোট ১০২ জন বিশ্বনেতা অংশ নিচ্ছেন। তাঁদের পাশাপাশি সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিচ্ছেন।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অংশগ্রহণকারীদের এই তথ্য জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী, সম্মেলনে ৩৭ জন রাষ্ট্রপ্রধান, ৩৫ জন সরকারপ্রধান, আটজন ভাইস প্রেসিডেন্ট, সাতজন উপপ্রধানমন্ত্রী, দুজন যুবরাজ, একজন রাজপুত্র, একজন পার্লামেন্ট স্পিকার এবং চারজন বিশেষ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় কমিশন, জাতিসংঘ, জাতিসংঘ সাধারণ পরিষদ, বিশ্বব্যাংক, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বাংলাদেশসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অংশগ্রহণ

এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া মহাদেশের বিভিন্ন দেশের নেতারাও যোগ দিচ্ছেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ। এই সম্মেলনে সদস্য দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রগতি পর্যালোচনা করে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করে। এখানে সিদ্ধান্ত সাধারণত সংখ্যাগরিষ্ঠ ভোটে নয়, বরং সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়।

অর্থায়ন ও ১.৫ ডিগ্রি লক্ষ্য আলোচনায় গুরুত্ব পাবে

এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ন্যায্য জ্বালানি রূপান্তর, জলবায়ু অভিযোজন এবং কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় অর্থায়নও আলোচনার অন্যতম প্রধান বিষয়।

তুরস্ক এবারই প্রথম কপ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। দেশটি এবারের আয়োজনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নভিত্তিক সম্মেলন হিসেবে গড়ে তুলতে চায়। সম্মেলনে তুরস্ক সভাপতিত্বের দায়িত্ব পালন করলেও আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।

আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোর সম্মিলিত উদ্যোগ জোরদার করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ