দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদ মামলায় রেকর্ড পরিমাণ সম্পদ ভাগের নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির গেম নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তাঁর সাবেক স্ত্রী লি-কে প্রায় ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৯৪৫ কোটি টাকার সম্পদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সিউল ফ্যামিলি কোর্টের দেওয়া এই রায়কে দক্ষিণ কোরিয়ার কোনো […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদ মামলায় রেকর্ড পরিমাণ সম্পদ ভাগের নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির গেম নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তাঁর সাবেক স্ত্রী লি-কে প্রায় ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৯৪৫ কোটি টাকার সম্পদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিউল ফ্যামিলি কোর্টের দেওয়া এই রায়কে দক্ষিণ কোরিয়ার কোনো বিবাহবিচ্ছেদ মামলায় সর্বোচ্চ সম্পদ বণ্টনের রায় হিসেবে দেখা হচ্ছে। রায়ে কওনকে স্মাইলগেটের ৩৫ শতাংশ শেয়ার এবং ৬৫ বিলিয়ন ওন নগদ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কওন হিয়ক-বিন স্মাইলগেটের শতভাগ মালিক। আদালতের হিসাবে কোম্পানিতে তাঁর শেয়ারের মূল্য প্রায় ৭ দশমিক ১ ট্রিলিয়ন ওন। এর মধ্যে প্রায় ২ দশমিক ৪ ট্রিলিয়ন ওন মূল্যের শেয়ার সাবেক স্ত্রীকে দিতে হবে।
২০০১ সালে বিয়ে করেন কওন ও লি। পরের বছর কওন স্মাইলগেট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ‘ক্রসফায়ার’ ও ‘লস্ট আর্ক’-এর মতো জনপ্রিয় গেম তৈরি করেছে।
বিবাহবিচ্ছেদের মামলায় লি দাবি করেন, কোম্পানির শুরুর দিকে তিনি প্রায় ৩০ শতাংশ মালিকানা ধরে রেখেছিলেন এবং প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি দুই দশকের বেশি সময় ধরে সংসার ও সন্তানদের দেখাশোনার বিষয়টিও তিনি সম্পদ বণ্টনের ক্ষেত্রে বিবেচনার দাবি জানান। তিনি কওনের স্মাইলগেটের অর্ধেক শেয়ার দাবি করেছিলেন।
অন্যদিকে কওনের পক্ষ থেকে দাবি করা হয়, কোম্পানির প্রাথমিক মূলধন তিনি নিজেই দিয়েছিলেন এবং লি কোম্পানিতে বিনিয়োগ বা চাকরি করেননি। তাই তাঁকে যৌথ প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও যুক্তি দেওয়া হয়।
আদালত বিবাহবিচ্ছেদ মঞ্জুর করলেও লির ক্ষতিপূরণের দাবি নাকচ করেছে। বিচারকদের মতে, দীর্ঘদিনের দাম্পত্য বিরোধের কারণে সম্পর্কটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা আর পুনরুদ্ধারের সুযোগ ছিল না। এই সম্পর্ক ভাঙার দায় উভয় পক্ষেরই সমান বলে আদালত মনে করেছে।
এর আগে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় সম্পদ বণ্টনের রেকর্ড ছিল এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-ওন ও তাঁর সাবেক স্ত্রী নো সো-ইয়ংয়ের মামলায়। সেখানে ৯৪৪ বিলিয়ন ওন সম্পদ বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন রায়ে সেই রেকর্ডের দ্বিগুণেরও বেশি সম্পদ ভাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এটি এখনো প্রথম দফার রায়। উভয় পক্ষেরই এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে। ফলে চূড়ান্তভাবে কত সম্পদ হস্তান্তর করতে হবে, তা পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপরও নির্ভর করবে।