ব্রাজিলে রোমাঞ্চকর বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সী মারিয়া এদুয়ার্দা রদ্রিগেস দে ফ্রেইতাস। অভিযোগ উঠেছে, আয়োজকদের চরম অবহেলার কারণে তার শরীরে নিরাপত্তার দড়ি না বেঁধেই ১৩০ ফুট উঁচু একটি পরিত্যক্ত সেতু থেকে লাফ দিতে দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছে সাও পাওলোর কাছে একটি অবৈধভাবে পরিচালিত বাঞ্জি জাম্পিং স্পটে, যা স্থানীয়ভাবে ‘স্কেলিটন […]
ছবি: সংগৃহীত
ব্রাজিলে রোমাঞ্চকর বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সী মারিয়া এদুয়ার্দা রদ্রিগেস দে ফ্রেইতাস। অভিযোগ উঠেছে, আয়োজকদের চরম অবহেলার কারণে তার শরীরে নিরাপত্তার দড়ি না বেঁধেই ১৩০ ফুট উঁচু একটি পরিত্যক্ত সেতু থেকে লাফ দিতে দেওয়া হয়েছিল।
ঘটনাটি ঘটেছে সাও পাওলোর কাছে একটি অবৈধভাবে পরিচালিত বাঞ্জি জাম্পিং স্পটে, যা স্থানীয়ভাবে ‘স্কেলিটন ব্রিজ’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাফ দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিউটির বাইরে থাকা নার্স রাইজা দিয়াস। তিনি জানান, দুর্ঘটনার পরপরই আহত তরুণীকে উদ্ধার করতে দ্রুত নিচে নেমে যান। দুর্গম ও কাদাময় পাহাড়ি পথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে তাকে বেশ কষ্ট করতে হয়।
ব্রাজিলের টেলিভিশন নেটওয়ার্ক ‘ডোমিঙ্গো এসপেকটাকুলার’-কে দেওয়া সাক্ষাৎকারে রাইজা দিয়াস বলেন, নিচে পৌঁছানোর সময় মারিয়া এখনও জীবিত ছিলেন। তিনি আহত তরুণীর সঙ্গে কথা বলারও সুযোগ পান।
আবেগঘন স্মৃতিচারণ করে ওই নার্স বলেন, “আমি তাকে বলেছিলাম, ‘দুদা, আমার শিফটে কেউ মারা যায় না।’ আমি তাকে সাহস দেওয়ার চেষ্টা করছিলাম।”
তবে সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। বাঞ্জি জাম্পিং কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দুজন দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করেছিলেন। পরে সামরিক হেলিকপ্টারের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
এ ছাড়া ঘটনাস্থলে কর্মরত আরও তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পরে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা প্রোটোকল অনুসরণ না করা এবং পর্যাপ্ত তদারকির অভাবই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে পরিচালিত এই বাঞ্জি জাম্পিং সাইটের কার্যক্রমও তদন্তের আওতায় আনা হয়েছে।