সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৬ অপরাহ্ন, ৬ জুন ২০২৬

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সরকারি চাকরি ও বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারীরা। শনিবার (৬ জুন) সকাল থেকেই দিল্লির যন্তর মন্তর এলাকায় শত শত মানুষ জড়ো হতে শুরু করেন। আন্দোলনকারীরা দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে […]

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সরকারি চাকরি ও বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারীরা।

শনিবার (৬ জুন) সকাল থেকেই দিল্লির যন্তর মন্তর এলাকায় শত শত মানুষ জড়ো হতে শুরু করেন। আন্দোলনকারীরা দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এর দায় এড়ানোর সুযোগ নেই।

এদিন ভোরে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সকাল ১১টার দিকে তিনি যন্তর মন্তরের সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জয় ভীম’ স্লোগানে তাকে স্বাগত জানান।

দিল্লি পুলিশ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দেয়। সমাবেশে বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকটের বিরুদ্ধে এটি একটি জনআন্দোলনে রূপ নিতে পারে।

ককরোচ জনতা পার্টির সূচনা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলনটির জন্ম হয়। একটি মামলার শুনানিতে তিনি কিছু বেকার যুবককে ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’-এর সঙ্গে তুলনা করেছিলেন বলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সেই মন্তব্যের প্রতিবাদ ও ব্যঙ্গ হিসেবেই ‘ককরোচ জনতা পার্টি’ নামের এই আন্দোলনের আত্মপ্রকাশ।

যদিও দলটি এখনো ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে এবং তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। আন্দোলনটির প্রতি সমর্থন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, অভিনেতা প্রকাশ রাজ এবং দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াসহ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব।

বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নতুন দিল্লি জেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সংঘাত এড়িয়ে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সরকারি বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ ও ব্যারিকেড মোতায়েন করা হয়েছে।

সমাবেশে সিজেপির প্রধান মুখপাত্র ও অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাস, রাজনৈতিক গবেষক ও লেখক বিজেতা দাহিয়া এবং আইআইটি কানপুরের সাবেক শিক্ষার্থী ও সাবেক করপোরেট পরামর্শক আশুতোষ রাঙ্কাসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে বক্তারা দাবি করেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ