দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সব নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে […]
ছবি: সংগৃহীত
দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সব নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করেছে। এখন ইউএই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তারের বিষয়ে দুবাই থেকে বাংলাদেশ সরকারকে ই-মেইলে অবহিত করা হয়েছিল এবং আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর কথা বলা হয়েছিল। তবে বাংলাদেশ সরকার নির্ধারিত সময়সীমার অনেক আগেই মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, “আমরা খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছি। এখন বিষয়টি সম্পূর্ণভাবে ইউএই সরকারের বিবেচনার ওপর নির্ভর করছে। আশা করছি, তারা শিগগিরই আমাদের আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানাবে।”
বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে আলোচনা রয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এখনো সংযুক্ত আরব আমিরাতের জবাবের অপেক্ষায় রয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, বেনজীর এখনো দেশটির ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন।
তার ভাষায়, “আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ফেডারেল পুলিশের কাছেই আছেন এবং তাদের হেফাজতে রয়েছেন। এর বাইরে নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই।”
উল্লেখ্য, দুর্নীতির মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের জারি করা রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাইয়ে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। পরে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায় এবং প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ জানায়।
এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে।
তিনি বলেন, “আমরা আশাবাদী যে, তাদেরও দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন করে যথাযথভাবে অভিযোগপত্র দাখিল করা যাবে।”