সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৫:৪৩ পিএম, ৮ আগস্ট ২০২৬

নদীতে ভেসে উঠল হিটলারের যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ, মিলল সামরিক মোটরসাইকেলও

ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী ড্যানিউবের পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সার্বিয়ার প্রাহোভোর কাছে নদীর তলদেশ থেকে উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। একই সঙ্গে নদীর বিভিন্ন অংশে দেখা মিলেছে সামরিক মোটরসাইকেল, অবিস্ফোরিত বোমাসহ যুদ্ধকালীন নানা স্মৃতিচিহ্নের। এই সপ্তাহে সার্বিয়ার প্রাহোভোর কাছে নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় জলরেখার ওপরে একটি জার্মান […]

নদীতে ভেসে উঠল হিটলারের যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ, মিলল সামরিক মোটরসাইকেলও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী ড্যানিউবের পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সার্বিয়ার প্রাহোভোর কাছে নদীর তলদেশ থেকে উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। একই সঙ্গে নদীর বিভিন্ন অংশে দেখা মিলেছে সামরিক মোটরসাইকেল, অবিস্ফোরিত বোমাসহ যুদ্ধকালীন নানা স্মৃতিচিহ্নের।

এই সপ্তাহে সার্বিয়ার প্রাহোভোর কাছে নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় জলরেখার ওপরে একটি জার্মান যুদ্ধজাহাজের ভেঙে যাওয়া কাঠামো দৃশ্যমান হয়। সাধারণ সময়ে এই অংশটি পানির নিচে থাকে। সার্বিয়া ও রোমানিয়ার সীমান্তবর্তী ড্যানিউবের আরও কয়েকটি স্থানেও আংশিক ডুবে থাকা যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ দেখা গেছে। এসব জাহাজের কয়েকটিতে এখনো অস্ত্র ও বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে।

ইতিহাসবিদদের মতে, এসব যুদ্ধজাহাজ অ্যাডলফ হিটলারের ব্ল্যাক সি ফ্লিটের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে সোভিয়েত বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে জার্মান সামরিক বাহিনী পরিকল্পিতভাবে এসব জাহাজ ড্যানিউবে ডুবিয়ে দেয়। ধারণা করা হয়, ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ২০০টি জার্মান যুদ্ধজাহাজ এভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এর পরের বছর, ১৯৪৫ সালের মে মাসে নাৎসি জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

এর আগেও ড্যানিউবের পানির স্তর কমে গেলে এসব যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ দৃশ্যমান হয়েছিল। পরে নদীর পানি বেড়ে গেলে সেগুলো আবার পানির নিচে তলিয়ে যায়। ধ্বংসাবশেষগুলো সরিয়ে ফেলতে সার্বিয়া সরকার অতীতে উদ্যোগ নিলেও জাহাজগুলোর ভেতরে বিস্ফোরক থাকার আশঙ্কায় অধিকাংশ এখনো সরানো সম্ভব হয়নি।

শুধু যুদ্ধজাহাজ নয়, নদীর পানি কমে যাওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরও বেশ কিছু নিদর্শনও সামনে এসেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছে ড্যানিউব থেকে জার্মান সামরিক বাহিনীর একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে স্লোভাকিয়ায় নদীর তীরবর্তী এলাকায় উদ্ধার করা হয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ফেলা প্রায় ৭০০ কেজি ওজনের একটি অবিস্ফোরিত বোমা। দেশটির পুলিশ জানিয়েছে, বিশেষভাবে পরিবর্তিত একটি অগ্নিনির্বাপক গাড়িতে বালুর স্তর তৈরি করে বোমাটি নিরাপদে পরিবহন করা হয়। পরে পাঁচ মিটার গভীর একটি গর্তে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।

১৯৪৪ সালে জার্মান বাহিনীর চলাচল ব্যাহত করতে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স ড্যানিউব নদীতে মাইন পুঁতে রেখেছিল। ফলে দীর্ঘ সময় পর নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় এখনো যুদ্ধকালীন বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম শনাক্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

ড্যানিউব নদীটি ১০টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। দীর্ঘস্থায়ী খরা ও তীব্র গরমের কারণে নদীটির পানি স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে নৌযান চলাচলও কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ইউরোপের অন্যান্য প্রধান নদীর মতো ড্যানিউবের পানির স্তর কমে যাওয়ায় জ্বালানি খাতেও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র তাদের শীতলীকরণ ব্যবস্থার জন্য নদীর পানির ওপর নির্ভরশীল।

এদিকে মধ্য ও পূর্ব ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। স্লোভাকিয়া, অস্ট্রিয়া ও হাঙ্গেরিতে সম্প্রতি রেকর্ড তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। স্লোভাকিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দোলনে প্লাখতিনৎসে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র গরম ও দীর্ঘস্থায়ী খরার প্রবণতা আরও বাড়ছে। এর প্রভাবেই ইউরোপের বিভিন্ন অঞ্চলে দাবানল, পানিসংকট ও নদীর পানির স্তর কমে যাওয়ার মতো পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে। আর সেই পরিবেশগত সংকটের মধ্যেই ড্যানিউবের তলদেশ থেকে উঠে আসছে ইউরোপের ভয়াবহ যুদ্ধ-ইতিহাসের বহু পুরোনো স্মৃতিচিহ্ন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ