ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) এই শুভেচ্ছা বিনিময় হয়। খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। নববর্ষের শুভেচ্ছা বার্তায় শি জিনপিং চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন এবং রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা […]
ছবি: সংগৃহীত
ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) এই শুভেচ্ছা বিনিময় হয়। খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় শি জিনপিং চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন এবং রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি বলেন, ২০২৫ সাল জাতিসংঘের ৮০তম বার্ষিকী। একই সঙ্গে এ বছর চীন ও রাশিয়া জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। এসব ঐতিহাসিক ঘটনা একটি স্পষ্ট বার্তা দেয়—শান্তি, ন্যায়বিচার ও জনগণের শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয়।
শি জিনপিং আরও বলেন, জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক কাঠামোর ভেতরে চীন ও রাশিয়া পরস্পরকে সমর্থন দিয়ে আসছে এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়নে যৌথভাবে অবদান রাখছে।
২০২৬ সালকে চীন–রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০তম বার্ষিকী এবং চীন–রাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী হিসেবে উল্লেখ করে শি জানান, ২০২৬–২০২৭ সালকে দুই দেশের মধ্যে ‘চীন–রাশিয়া শিক্ষাবর্ষ’ হিসেবে ঘোষণা করা হবে।
নতুন যুগে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির লক্ষ্যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতিও ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।
অন্যদিকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শি জিনপিংকে আন্তরিক নববর্ষের শুভেচ্ছা জানান এবং চীনা জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ২০২৫ সালে রাশিয়া ও চীনের মধ্যে ‘নতুন যুগের জন্য সমন্বিত ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’ আরও সুদৃঢ় হয়েছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
পুতিন জানান, চলতি বছরে তিনি ও শি জিনপিং দু’বার সাক্ষাৎ করেছেন এবং যৌথভাবে জার্মান নাৎসিবাদ ও জাপানি সামরিকবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছেন। এসব বৈঠকে দুই দেশ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং বড় আকারের যৌথ প্রকল্পগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতি ব্যবস্থা জনগণের যোগাযোগ ও বিনিময় আরও সহজ করেছে।
আগামী বছরে যৌথভাবে রাশিয়া–চীন শিক্ষাবর্ষ শুরু করার কথাও উল্লেখ করেন পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতেও দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত হবে।