সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১২:১৯ অপরাহ্ন, ৭ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে নামাজ বন্ধ, দ্রুত চালুর আশ্বাস কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নামাজের কার্যক্রম। অগ্নিনিরাপত্তাসংক্রান্ত কিছু সমস্যা চিহ্নিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমস্যাগুলো দ্রুত সমাধান করে মসজিদে আবারও নামাজ চালুর আশাবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মুসল্লি ও কমিউনিটির সদস্যদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে মসজিদ পরিচালনা পর্ষদ। জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব […]

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে নামাজ বন্ধ, দ্রুত চালুর আশ্বাস কর্তৃপক্ষের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নামাজের কার্যক্রম। অগ্নিনিরাপত্তাসংক্রান্ত কিছু সমস্যা চিহ্নিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমস্যাগুলো দ্রুত সমাধান করে মসজিদে আবারও নামাজ চালুর আশাবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মুসল্লি ও কমিউনিটির সদস্যদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে মসজিদ পরিচালনা পর্ষদ।

জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজ ও এক্সিকিউটিভ কমিটির প্রকাশিত এক কমিউনিটি আপডেটে জানানো হয়, শুক্রবার (৬ নভেম্বর) একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) মসজিদটি পরিদর্শন করে। এ সময় অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু ব্যবস্থা গ্রহণের বিষয় চিহ্নিত করা হয়। এরপর সাময়িকভাবে মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনিরাপত্তার বিষয়গুলো সমাধানে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এবং সংশ্লিষ্ট অন্যান্য সিটি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর যত দ্রুত সম্ভব মসজিদটি মুসল্লিদের জন্য আবার খুলে দেওয়ার প্রত্যাশা করছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের চলমান সম্প্রসারণ প্রকল্পের কারণে দীর্ঘদিন ধরে নিয়মিত ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য আয়োজিত বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ায় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মসজিদে একত্র হয়ে নামাজ আদায় এবং ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া মুসল্লিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা উল্লেখ করে জেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউনিটির সদস্যদের ভোগান্তির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এদিকে সম্প্রসারণ প্রকল্পে দীর্ঘদিন ধরে সহযোগিতা, ধৈর্য ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মসজিদ পরিচালনা পর্ষদ। বর্তমান পরিস্থিতিতে মসজিদের জন্য দোয়া করার পাশাপাশি মুসল্লিদের ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা।

তবে মসজিদে নিয়মিত নামাজ কবে থেকে আবার শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নামাজ চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হলে কমিউনিটিকে তা জানানো হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

সূত্র: জ্যামাইকা মুসলিম সেন্টারের কমিউনিটি আপডেট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ