চলতি বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে সন্ত্রাসী সহিংসতায় অন্তত ৩ হাজার ৮২২ জন নিহত হয়েছেন, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল (এসএটিপি)। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের পর এই প্রথম পাকিস্তানে […]
চলতি বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে সন্ত্রাসী সহিংসতায় অন্তত ৩ হাজার ৮২২ জন নিহত হয়েছেন, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল (এসএটিপি)। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের পর এই প্রথম পাকিস্তানে এক বছরে এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।
এসএটিপির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসবাদে নিহতের সংখ্যা ক্রমাগত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালের তুলনায় চলতি বছরে সন্ত্রাসী হামলায় প্রাণহানি বেড়েছে প্রায় ৭০ দশমিক ৯৩ শতাংশ।
পাকিস্তানের ইতিহাসে এক বছরে সন্ত্রাসী হামলায় সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটে ২০১৪ সালে। সে বছর দেশজুড়ে সন্ত্রাসী সহিংসতায় নিহত হন ৫ হাজার ৫১০ জন। ওই বছরের ডিসেম্বর মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পরিচালিত হামলায় ১৫০ জনের প্রাণহানি ঘটে, যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত।
এর পরের বছর ২০১৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৬৮৫ জনে। পরবর্তী কয়েক বছর প্রাণহানির সংখ্যা কিছুটা কমলেও ২০২২ সাল থেকে তা আবার বাড়তে শুরু করে। দীর্ঘ বিরতির পর ওই বছরই নিহতের সংখ্যা পুনরায় চার অঙ্কে পৌঁছে যায়। এরপর ২০২৩ ও ২০২৪ সালেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সীমান্ত অস্থিতিশীলতার প্রভাব এসব অঞ্চলে সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।
এর আগে ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাত্র তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার আগের যেকোনো সময়ের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।