Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১:৫২ পিএম, ৮ জুন ২০২৬

পাবনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুন, গুলিতে নিহত নকশাল সদস্য, ছুরিকাঘাতে কলেজছাত্র

পাবনা শহরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গুলিতে নিহত হয়েছেন আলী হোসেন নামে এক ব্যক্তি, যিনি নকশালপন্থি চরমপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অপর ঘটনায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন কলেজছাত্র মনিরুল ইসলাম। সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যায় পাবনা শহরের দুটি স্থানে এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আলী […]

পাবনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুন, গুলিতে নিহত নকশাল সদস্য, ছুরিকাঘাতে কলেজছাত্র
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাবনা শহরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গুলিতে নিহত হয়েছেন আলী হোসেন নামে এক ব্যক্তি, যিনি নকশালপন্থি চরমপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অপর ঘটনায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন কলেজছাত্র মনিরুল ইসলাম।

সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যায় পাবনা শহরের দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আলী হোসেন (৫৩) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরমপন্থি নকশাল সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সন্ধ্যা ৭টার দিকে আলী হোসেন তার ছেলেকে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসায় পৌঁছে দিতে রিকশাযোগে সেখানে যান। মাদরাসার প্রধান ফটকের সামনে রিকশা থেকে নামার সময় দুটি মোটরসাইকেলে করে আসা চার যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

অন্যদিকে একই দিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকার একটি পেট্রোল পাম্পের পেছনে কলেজছাত্র মনিরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহত মনিরুল ইসলাম সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের মুন্নাফ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুল ও একই এলাকার রাকিব নামের এক যুবকের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় রাকিব ধারালো অস্ত্র দিয়ে মনিরুলকে আঘাত করে।

ঘটনার পর রাকিব পাশের একটি কচুরিপানায় আচ্ছাদিত পুকুরে লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গুরুতর আহত অবস্থায় মনিরুলকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, আলী হোসেন চরমপন্থি নকশাল সংগঠনের সঙ্গে চলাফেরা করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে তার হত্যার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, কলেজছাত্র মনিরুল হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। উভয় ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ