সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৩৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

পোল্যান্ডে টানা ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ ও বাল্টিক সাগর তীরবর্তী বন্দর নগরী দানস্কের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতভর চলা এই অচলাবস্থায় তীব্র শীতের মধ্যে শত শত মানুষ নিজ নিজ গাড়িতে আটকা পড়েন। বুধবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর […]

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পোল্যান্ডে টানা ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ ও বাল্টিক সাগর তীরবর্তী বন্দর নগরী দানস্কের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতভর চলা এই অচলাবস্থায় তীব্র শীতের মধ্যে শত শত মানুষ নিজ নিজ গাড়িতে আটকা পড়েন। বুধবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ওলসটিনের পুলিশ মুখপাত্র টমাস মার্কোস্কি জানান, মঙ্গলবার বিকেল চারটার পর থেকেই এস-৭ মহাসড়কে পরিস্থিতির অবনতি শুরু হয়। তুষারপাতের কারণে মহাসড়কের ঢালু অংশে মালবাহী ট্রাকগুলো চলাচলে সমস্যায় পড়লে ধীরে ধীরে যান চলাচল থেমে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটারে পৌঁছায়।

দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকা চালক ও যাত্রীদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কষ্টকর। হাড়কাঁপানো শীতের মধ্যে অনেককে রাত কাটাতে হয় গাড়ির ভেতরেই। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সক্রিয় তৎপরতায় বুধবার ভোরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং যান চলাচল পুনরায় চালু হয়।

দেশটির অবকাঠামো বিষয়ক উপমন্ত্রী স্তানিস্লাভ বুকোউইচ এক সংবাদ সম্মেলনে বলেন, মহাসড়কে চরম প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

যানজট নিরসনে ওলসটিন থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওসত্রোদা এলাকার পুলিশ সদস্যরাও সক্রিয়ভাবে কাজ করেন। ওসত্রোদার পুলিশ মুখপাত্র আন্না কারচেউস্কা জানান, আটকে পড়া চালকদের সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সিটি হলের উদ্যোগে প্রস্তুত করা গরম কফি ও চা পুলিশের মাধ্যমে চালকদের মাঝে বিতরণ করা হয়।

এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, ভারী তুষারপাতের প্রভাবে রেল ও বিমান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটেছে। কিছু ট্রেন ও ফ্লাইট বিলম্বিত হলেও বর্তমানে ধীরে ধীরে সব পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে, উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় আরও তুষারপাত হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং মহাসড়কে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ