বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। বৈঠকে সামাজিক ব্যবসা ও সামাজিক উদ্ভাবনকে কেন্দ্র করে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার অন্যতম বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। তিনি জানান, […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। বৈঠকে সামাজিক ব্যবসা ও সামাজিক উদ্ভাবনকে কেন্দ্র করে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার অন্যতম বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। তিনি জানান, ‘সোশ্যাল বিজনেস ডে’ বা সামাজিক ব্যবসা দিবসকে প্যারিসে বার্ষিক উৎসব হিসেবে উদযাপনের উদ্যোগ নেওয়া হতে পারে, যা সামাজিক উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবে।
বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই ধারণার তিনটি মূল লক্ষ্য হলো—শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ এবং শূন্য বেকারত্ব। তিনি বিশ্বব্যাপী পরিচালিত প্রায় ৭ হাজার ‘থ্রি জিরো ক্লাব’-এর কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ততার বিষয়ও তুলে ধরেন।
ড. ইউনূস বৈঠকে ধনকুবেরদের প্রচলিত দাতব্য তহবিলের পরিবর্তে সামাজিক ব্যবসাভিত্তিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’-এ বিনিয়োগের একটি মডেল উপস্থাপন করেন, যার মাধ্যমে দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তন আনা এবং সম্পদ কুক্ষিগত হওয়ার প্রবণতা কমানো সম্ভব বলে তিনি মত দেন।
এ উদ্যোগের অংশ হিসেবে আগামী জুন মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘সোশ্যাল বিজনেস ডে’-তে অংশগ্রহণের জন্য প্যারিস সিটি প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র এমানুয়েল গ্রিগোয়ার তার ডেপুটি অড্রে পুলভার এবং প্যারিস কাউন্সিলের সদস্য এলিসা ইয়াভশিৎজ-কে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মনোনীত করেছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন লামিয়া মোরশেদ এবং ইয়োয়ান নুগিয়া।
বৈঠকের শেষে উভয় পক্ষ প্যারিসকে সামাজিক উদ্ভাবন ও সামাজিক ব্যবসার একটি আন্তর্জাতিক মডেল নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।