সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৩৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত একটি নয়, দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ […]

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত একটি নয়, দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতার বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রথমে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের সভাপতি হিসেবেও তাঁকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। ফলে দুটি পৃথক আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

ব্রিকসে আমন্ত্রণের কারণ

বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ বা বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল।

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারেক রহমানকে সম্মেলনে কেবল বিমসটেকের চেয়ার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। একই সঙ্গে বহুপক্ষীয় কোনো আন্তর্জাতিক ফোরামে অংশ নেওয়ার চেয়ে ভারতের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও তাৎপর্যপূর্ণ দ্বিপক্ষীয় সফরকে ঢাকা বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ বহাল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা অংশ নিয়েছিলেন। সে সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আনুষ্ঠানিক চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। ওই চিঠিতে তাঁকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও তাঁকে ফেরত আনার প্রক্রিয়া, অভিন্ন নদীর পানিবণ্টনসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন রয়েছে।

এর পাশাপাশি চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়ার প্রেক্ষাপটে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের সফর নিয়েও আলোচনা চলছে।

ভারতের সর্বশেষ বক্তব্যে তারেক রহমানকে দেওয়া দুই ধরনের আমন্ত্রণের বিষয়টি স্পষ্ট করা হলো। একই সঙ্গে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারতের আমন্ত্রণ এখনো বহাল থাকার কথাও জানিয়েছে নয়াদিল্লি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ