প্রয়াত প্রিন্সেস ডায়ানার জীবন, পারিবারিক সম্পর্ক ও মৃত্যুর আগের সময়কে নতুনভাবে তুলে ধরতে বই লিখেছেন তার ছোট ভাই চার্লস স্পেনসর। ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি সামনে রেখে প্রকাশ হতে যাওয়া এই বইয়ে তার ভাইয়ের ব্যক্তিগত স্মৃতি ও দৃষ্টিভঙ্গির পাশাপাশি দীর্ঘদিনের কিছু প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার চেষ্টা থাকবে। ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ নামের বইটি আগামী […]
ছবি: সংগৃহীত
প্রয়াত প্রিন্সেস ডায়ানার জীবন, পারিবারিক সম্পর্ক ও মৃত্যুর আগের সময়কে নতুনভাবে তুলে ধরতে বই লিখেছেন তার ছোট ভাই চার্লস স্পেনসর। ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি সামনে রেখে প্রকাশ হতে যাওয়া এই বইয়ে তার ভাইয়ের ব্যক্তিগত স্মৃতি ও দৃষ্টিভঙ্গির পাশাপাশি দীর্ঘদিনের কিছু প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার চেষ্টা থাকবে।
‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ নামের বইটি আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যে প্রকাশিত হবে। বিশ্বের বিভিন্ন দেশেও বইটি প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং এটি ১২টি ভাষায় অনূদিত হবে বলে প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে। বইটি প্রকাশ করছে পেঙ্গুইন মাইকেল জোসেফ, যা পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি প্রকাশনা সংস্থা।
চার্লস স্পেনসর বলেন, ডায়ানাকে নিয়ে আবারও অসংখ্য সাক্ষাৎকারের অনুরোধ পাওয়ায় তিনি শেষ পর্যন্ত নিজের স্মৃতি ও অভিজ্ঞতাগুলো বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নেন। তার মতে, ডায়ানাকে নিয়ে বহু মতামত ও বক্তব্য সময়ের সঙ্গে এমন কিছু ধারণা তৈরি করেছে, যার সবকটি সঠিক নয়। তাই একজন ভাই হিসেবে তিনি যে ডায়ানাকে চিনতেন, সেই ব্যক্তিগত অভিজ্ঞতাই এবার পাঠকদের সামনে তুলে ধরতে চান।
প্রকাশকের তথ্য অনুযায়ী, বইটিতে ডায়ানা ও চার্লস স্পেনসরের শৈশব, পারিবারিক জীবন এবং তাদের বেড়ে ওঠার নানা অভিজ্ঞতা উঠে আসবে। পাশাপাশি ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর আগের মর্মান্তিক সপ্তাহের ঘটনাও থাকবে বইটিতে। এটিই বোনকে নিয়ে চার্লস স্পেনসরের প্রথম দীর্ঘ ও খোলামেলা ব্যক্তিগত লেখা।
স্পেনসর জানিয়েছেন, বইটির উদ্দেশ্য শুধু পুরোনো স্মৃতি তুলে ধরা নয়; বরং ভাইয়ের দৃষ্টিকোণ থেকে ডায়ানার জীবন ও ব্যক্তিত্বকে তুলে ধরা। তিনি ডায়ানাকে ভালোবাসা, আকর্ষণ, আত্মসংশয় ও প্রাণবন্ততায় ভরা এক অনন্য মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তার আশা, যারা ডায়ানার সময়ের প্রত্যক্ষ স্মৃতি বহন করেন, তারা বইটিতে নতুন কিছু খুঁজে পাবেন। পাশাপাশি নতুন প্রজন্মও তার ব্যক্তিত্বকে নতুনভাবে জানতে পারবে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা। তার মৃত্যুর পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত শেষকৃত্যে ভাই চার্লস স্পেনসর আবেগঘন বক্তব্য দেন। সে সময় তিনি ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির পাশে থাকার অঙ্গীকার করেছিলেন।
প্রায় তিন দশক পরও ডায়ানা বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয়। তার জীবন, রাজপরিবারের সঙ্গে সম্পর্ক এবং অকালমৃত্যু নিয়ে মানুষের আগ্রহও এখনো কমেনি।
চার্লস স্পেনসর বর্তমানে ৬২ বছর বয়সী এবং ডায়ানার দুই ছেলে উইলিয়াম ও হ্যারির সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছরের জুলাইয়ে হ্যারি, তার স্ত্রী মেগান ও তাদের সন্তানরা স্পেনসরের পৈতৃক বাড়ি অ্যালথর্পে গিয়েছিলেন। সেখানে ডায়ানার সমাধিও পরিদর্শন করেন তারা বলে জানা গেছে।
চার্লস স্পেনসরের মতে, ডায়ানার জনপ্রিয়তা শুধু তার রাজপরিবারের পরিচয়ের কারণে ছিল না। তার ব্যক্তিত্ব, মানুষের প্রতি মমত্ববোধ এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাকে এতটা প্রভাবশালী করে তুলেছিল।
প্রকাশক ড্যানিয়েল বানইয়ার্ড বইটিকে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একটি কাজ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, চার্লস স্পেনসরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তিনি একই সঙ্গে একজন ঘনিষ্ঠ ভাই, ইতিহাসবিদ ও লেখক। ফলে ডায়ানাকে নিয়ে বইটিতে ব্যক্তিগত ঘনিষ্ঠতার পাশাপাশি স্মৃতি ও ইতিহাসের সমন্বয়ও থাকবে।
ডায়ানার মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার ভাইয়ের লেখা এই বই প্রকাশিত হতে যাওয়ায় রাজপরিবার ও ডায়ানার জীবন নিয়ে আগ্রহীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে ডায়ানার শৈশব, রাজপরিবারে তার জীবন এবং মৃত্যুর আগের সময় নিয়ে চার্লস স্পেনসরের ব্যক্তিগত বর্ণনা বইটির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, দ্য টাইমস ও পেঙ্গুইন র্যান্ডম হাউস